ওঙ্কার ডেস্ক: মারধর করে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে ইমন চক্রবর্তীকে। সম্প্রতি এমনই ‘খবর’এর গুঞ্জন ঘুরপাক খেতে থাকে সোশ্যাল মিডিয়ায়। টলিউডের প্রথম সারির গায়িকার এমন বিস্ফোরক মন্তব্যে হতবাক তাঁর ভক্তমহলও। ইমনকে আগাগোড়াই সাহসী বলে জানেন সকলে। রাখঢাক করে কথা বলেন না তিনি। অন্যায়ের প্রতিবাদেও সব সময়ই সরব। এহেন শিল্পীর এমন দুর্দশার কথা এক কথায় কল্পনাও করা যায় না। তা হলে আচমকা এমন মন্তব্য কেন?
কিন্তু খবর এখানেই ইমন আদৌ এমন মন্তব্য করেননি। পুরো বিষয়টাই একেবারে ‘ভুয়ো’। বিষয়টি প্রথমে পাত্তাই দেননি ইমন। কিন্তু গায়িকার প্রহৃত হওয়ার ‘খবর’ তাঁর বাবার কাছে পৌঁছতেই যাবতীয় সমস্যার শুরু। আর চুপ করে থাকতে পারেননি গায়িকা। তিনি প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেন। নেটমাধ্যমে তিনি লেখেন, ‘আমাকে অনেকেই এই ছবিটি স্ক্রিনশট তুলে পাঠিয়েছে। ইগনোর করেছি। আজ সকালে আমার বাবা আমাকে এটা পাঠালেন। আর ইগনোর করতে পারলাম না। বিনোদনের নামে কোথাও গিয়ে ক্ষতি করে দিচ্ছেন না তো? ভেবে দেখতে বলব না। কারণ ভাবনা, বোধ কিছু থাকলে এভাবে খবর কেউ করে না।’ প্রসঙ্গত, ইমনের পোস্টে এই ভুয়ো খবর নিয়ে মতামত প্রকাশ করেছেন অনেকেই। সেই তালিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায়ের স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়ও।
বিতর্ক এবং ইমন যেন পাশাপাশি থাকেন। নানা সময় নানা কারণে ট্রোল-কটাক্ষের শিকারও হয়েছেন গায়িকা। কিন্তু শুধু গান নয়, প্রতিবাদেও তাঁর কণ্ঠ অমলিন। আজ তা আরও একবার প্রমাণ করলেন তিনি।
