ওঙ্কার ডেস্ক: বিগত এক দশকে কঙ্গনা রানাউত বলিউডকে বেশ কিছু দুর্দান্ত ছবি উপহার দিয়েছেন, যার মধ্যে প্রথমেই ‘কুইন’, ‘তনু ওয়েডস মনু’ এর সিক্যুয়েল অন্যতম। তার অভিনীত ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ এখনও পর্যন্ত বলিউডের সবচেয়ে বেশি আয় করা ছবিগুলির মধ্যে একটি। এবার খবর, কঙ্গনা তার এই সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য আবার ফিরতে চলেছেন ক্যামেরার সামনে। জানা গেছে, তিনি পরিচালক বিকাশ বহেল এবং আনন্দ এল রাই-এর সঙ্গে যথাক্রমে ‘কুইন ২’ ও ‘তনু ওয়েডস মনু ৩’-এর জন্য কাজ শুরু করতে চলেছেন।
সূত্র মারফত খবর, কঙ্গনা রানাউত আগামী নভেম্বরের মধ্যে ‘কুইন’-এর সিক্যুয়েলের শুটিং শুরু করতে চলেছেন। জানা গিয়েছে, বিকাশ বহেল ‘কুইন ২’-এর চিত্রনাট্য চূড়ান্ত করে ফেলেছেন এবং বর্তমানে তিনি ছবির লোকেশন খুঁজছেন। প্রথম ছবির মতোই এর সিক্যুয়েলের শুটিংও ভারত এবং তার বাইরেও হবে। ইতিমধ্যেই একটি আন্তর্জাতিক লোকেশন হিসেবে লন্ডনকে তালিকায় রাখা হয়েছে।” খবর অনুযায়ী, চিত্রনাট্যটি এতটাই শক্তিশালী যে পুরো টিম এই ছবিটি নিয়ে খুবই আশাবাদী।
প্রসঙ্গত, ‘কুইন ২’-এর শুটিং শেষ হওয়ার পরপরই কঙ্গনা ‘তনু ওয়েডস মনু’র তৃতীয় পর্বের জন্য কাজ শুরু করবেন। জানা গিয়েছে, “আনন্দ এল রাই ইতিমধ্যেই ‘তনু ওয়েডস মনু ৩’-এর চিত্রনাট্য লিখে ফেলেছেন এবং ২০২৬ সালের প্রথম দিকেই ছবির শুটিং শুরু করার পরিকল্পনা করছেন।” শোনা যাচ্ছে, এই ছবিতে কঙ্গনাকে বিভিন্ন চরিত্রে দেখা যাবে এবং আগের দুটি ছবির মতোই এটিও কমেডি ও ড্রামার মিশেলে একটি পারিবারিক গল্প হতে চলেছে। এই ছবিতে আবারও কঙ্গনা রানাউত এবং আর মাধবনের জুটি ফিরছে, যা ভক্তদের মধ্যে উত্তেজনা ও কৌতুহল দুই-ই তৈরি করেছে।
