ওঙ্কার ডেস্ক: পরিচালক-অভিনেতা ঋষভ শেঠির আলোচিত চলচ্চিত্র ‘কান্তারা চ্যাপ্টার ১’ শুধু দেশজুড়ে দর্শকদের মন জয় করেনি, বক্স অফিসেও দারুণ ফল করেছে। রবিবার, ৫ অক্টোবর, এটি রাষ্ট্রপতি ভবনে প্রদর্শিত হতে চলেছে এই ছবি। ছবির মূল অভিনেতা ঋষভ শেঠি, অভিনেত্রী রুক্মিণী বসন্ত এবং প্রযোজক চালুভে গৌড়া এই বিশেষ প্রদর্শনীতে থাকবেন।
মুক্তির পর থেকেই ‘কান্তারা চ্যাপ্টার ১’ বক্স অফিসের একের পর রেকর্ড ভেঙে চলেছে। ছবিটি মাত্র তিন দিনে ভারতে ১৪০ কোটি টাকা আয় করেছে। মাত্র দুই দিনের মধ্যে এটি বিশ্বব্যাপী ১৫১ কোটি টাকা সংগ্রহ করে বেশ কয়েকটি ছবিকে ছাপিয়ে গিয়েছে। পর্যালোচক ও দর্শকরা এটিকে “অসাধারণ” এবং “চলচ্চিত্রের শ্রেষ্ঠ কাজ” বলে আখ্যা দিয়েছেন। ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর সাফল্য নিয়ে ইন্ডাস্ট্রির বহু তারকা প্রশংসা করেছেন।
জুনিয়র এনটিআর, প্রভাস, এবং যশ ঋষভের দূরদর্শিতার প্রশংসা করেছেন এবং ছবিটিকে ভারতীয় সিনেমায় একটি নতুন মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। হোম্বালে ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই ছবিটি ঋষভ শেঠির ২০২২ সালের সুপারহিট ছবি ‘কান্তারা’-এর প্রিক্যুয়েল। ছবিতে দেবতা এবং ‘গুলিকা’-এর পূর্বের কাহিনি তুলে ধরা হয়েছে।
