ওঙ্কার ডেস্ক: মা হলেন বলি অভিনেত্রী ক্যাটরিনা কইফ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুখবর জানালেন ভিকি কৌশল। শুক্রবার সকালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।
সমাজমাধ্যমে এই সুখবর জানিয়ে পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের জীবনে সবচেয়ে খুশির মুহূর্ত! আজ সবচেয়ে প্রিয় ও খুশির জিনিস পৃথিবীতে এসেছে। ওকে পেয়ে আমরা উচ্ছসিত, আপ্লুত, আমরা কৃতজ্ঞ।’
জানা গিয়েছিল, অক্টোবরেই সন্তানের জন্ম দেবেন তিনি। শুরু হয়েছিল নানা জল্পনাও। একটি ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ক্যাটরিনার গর্ভবস্থার গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে ভিকি কৌশল বলেন, ‘সুখবর হলে আমরা আপনাদের সঙ্গে তা ভাগ করে নিতে পারলে খুবই খুশি হব।’ পরে সেপ্টেম্বরের শেষে খুশির খবর নিজেরাই সকলের সঙ্গে ভাগ করে নেন তারকা দম্পতি। জানিয়ে দেন নভেম্বরে ‘সে আসছে’। বেবি বাম্পের ছবিও সেসময় পোস্ট করেন ক্যাট। লেখেন, ‘আমাদের জীবনের সবচেয়ে সেরা অধ্যায়…।’ সন্তান জন্মের পর অভিনেত্রী মাতৃত্বকালীন ছুটি নেবেন, সে কথা আগেই জানা গিয়েছিল। তিনি নিজের হাতে সন্তানের যত্ন নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। এক্ষেত্রে সেভাবে বাইরের কারও সাহায্য নেবেন না।
প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের জয়পুরে বিয়ে করেন ভিকি ও ক্যাটরিনা। তাঁদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুমহল সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের প্রেমও খানিকটা গোপন রেখেছিলেন, বিয়ে নিয়েও সেভাবে কাউকে কিছু জানানি তাঁরা। দুজনের কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে বিয়ের পর কিছু বিশেষ মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন। এবারও তার ব্যতিক্রম হল না। বর্তমানে এই খুশির খবরে সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে শুভেচ্ছা বার্তায়।
