ওঙ্কার ডেস্ক: আন্তর্জাতিক মঞ্চের উজ্জ্বল মুখ, সেতারবাদক অনুষ্কা শঙ্কর। নিজের সুর, সাধনা আর শিল্পের প্রতি অগাধ ভালবাসার জন্য বিশ্বজোড়া সম্মান তাঁর। কিন্তু সম্প্রতি এক ভয়াবহ অভিজ্ঞতা জানান শিল্পী। দীর্ঘ সফর শেষে দেশে ফেরার পথে এয়ার ইন্ডিয়ার বিমানে তাঁর প্রিয় সেতারের যা পরিণতি হয়েছে, তা দেখে যেন ক্ষোভ আর অবিশ্বাস দুটোই ভর করল শিল্পীর মনে।
প্রসঙ্গত, বিমানে ওঠার সময় অতিরিক্ত ‘চার্জ’ মিটিয়েছিলেন অনুষ্কা। নিজের বাদ্যযন্ত্রকে সুরক্ষিত করতেই এই বাড়তি অর্থ দেওয়া। কিন্তু ঘটনা একেবারেই উল্টো, বাড়িতে পৌঁছে যখন বাক্স খুললেন, মাথায় বাজ পড়ার মত অবস্থা হয় তাঁর। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, সেতারটির দেহ প্রায় দু’টুকরো হয়ে গেছে, আর যে শক্তপোক্ত বাক্স সেতারকে রক্ষা করার কথা, সেটিও বিস্ফোরিত চেহারায় ভেঙে পড়েছে। এমন নৃশংস ঘটনায় অনুষ্কা লিখলেন, বছরের পর বছর নানা আন্তর্জাতিক বিমান সংস্থার ভরসায় নিজের বাদ্যযন্ত্র নিয়ে ঘোরাফেরা করেন তিনি, কিন্তু এমন ক্ষতির অভিজ্ঞতা কোনদিন হয়নি। তাঁর প্রশ্ন, ‘‘ইচ্ছাকৃত অবহেলা ছাড়া এমন বিপর্যয় কী সম্ভব? ভারতীয় সুরের এমন এক ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র তাদের কাছে এতটাই অসুরক্ষিত?’’ অভিযোগ এখানেই শেষ নয়। আলাদা করে টাকা নেওয়ার পরেও কেন এমন ঘটনা, এই প্রশ্নও জানান শিল্পী। অথচ এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার তরফে এখনও কোনও বিবৃতি আসেনি।
