ওঙ্কার ডেস্ক: গুরুতর অসুস্থ প্রভাত রায়। কিডনি সংক্রান্ত সমস্যায় দিন কয়েক ধরেই ভুগছিলেন। ডায়ালিসিসের পর বাড়িও ফিরেছেন সম্প্রতি। তবে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় ফের হাসপাতালে ভর্তি করাতে হয় টলিউডের বর্ষীয়ান পরিচালককে। এই কঠিন সময়ে বাবার পাশে রয়েছেন কন্যা একতা ভট্টাচার্য।
বর্তমানে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ভর্তি প্রবীণ পরিচালক। জানা গিয়েছে, বুধবার রাতে জটিল অস্ত্রোপচার হয় প্রভাতবাবুর। জানা গেছে, আগের তুলনায় শারীরিক পরিস্থিতি খানিক ভালো হলেও এখনও কিন্তু পুরোপুরি বিপদ কাটেনি। তাই হাসপাতালে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে থাকতে হবে আপাতত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালককে। ডাক্তার জানিয়েছে, পামক্যাথে সংক্রমণ ঘটেছে। আপাতত সেই দিকেই ডাক্তারদের মূল লক্ষ্য।
দিন দুয়েকের জন্য তিনি হায়দরাবাদে গিয়েছিলেন স্বামীর কাছে। কর্মসূত্রে সেখানেই থাকেন একতার স্বামী, তাই প্রভাত রায়ই তাঁকে একপ্রকার হায়দরাবাদ পাঠিয়েছিলেন। তবে দূরে গিয়েও সর্বক্ষণ ফোনে বাবার সঙ্গে যোগাযোগে ছিলেন তিনি। কিন্তু রাতে ভিডিও কল করে দেখেন, বর্ষীয়ান পরিচালকের চোখের তলা ফুলে রয়েছে। তারপরই পরিস্থিতি বেগতিক দেখে প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন একতা এবং হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন।
পরিচালক প্রভাত রায় মানেই ‘প্রতিদান’, ‘শ্বেত পাথরের থালা’, ‘লাঠি’, ‘পিতৃভূমি’, ‘শুভদৃষ্টি’, ‘যোদ্ধা’, ‘সেদিন চৈত্রমাস’-এর মতো বহু সিনেমা। বাংলার একাধিক তারকাকে সিনেমায় পরিচয় দিয়েছেন তিনি। পেয়েছেন জাতীয় পুরস্কারও। এখন বয়সের ভার অনেকটাই। জীবনের এই লগ্নে এসে মেয়ে একতার হাত ধরে নতুন ইনিংস শুরু করেছেন তিনি। খুলে ফেলেছেন প্রযোজনা সংস্থা। যেখানে বর্ষীয়ান পরিচালক ছবির বিষয় ভাবনা, চিত্রনাট্য ও সংলাপ লেখার পাশাপাশি ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্বও সামলাচ্ছেন।
