ওঙ্কার ডেস্ক: বর্তমানে ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে তাঁকে দেখার জন্য অপেক্ষায় ভক্তরা। কিন্তু সেই সাই পল্লবীকেই একেবারে ভিন্ন রূপে দেখে চমকে গিয়েছেন অনুরাগীরা। সম্প্রতি বোন পূজার সঙ্গে সমুদ্রসৈকতে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানকার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক।
প্রসঙ্গত, ছবিতে দেখা যায় সাঁতারের পোশাক পরে সৈকতের মুহূর্ত উপভোগ করছেন অভিনেত্রী। আর এতেই ক্ষুব্ধ একাংশ নেটিজেন, কটাক্ষ ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্সে। কেউ লিখেছেন, “যে মেয়ে সীতার চরিত্রে অভিনয় করছে, সে কি বাস্তবে বিকিনি পরতে পারে?” অন্য কেউ মন্তব্য করেছেন, “এভাবেই নায়িকারা ভারতীয় সংস্কৃতিকে ভোলাতে বসেছেন।”
তবে সমালোচনার পাশাপাশি অভিনেত্রীর সমর্থনে এগিয়ে আসেন তাঁর অন্যান্য ভক্তরাও। কারও বক্তব্য, “অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করা উচিত নয়। তিনি সমুদ্রে গিয়েছেন, সাঁতারের পোশাকই পরবেন। সেটা একেবারে স্বাভাবিক।” আবার অনেকে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “সীতার চরিত্রে অভিনয় মানেই কি ব্যক্তিগত জীবনে অভিনেত্রীকে ঐতিহ্যবাহী পোশাকেই থাকতে হবে?”
উল্লেখ্য, অভিনেত্রীর পোশাক নিয়ে এহেন সমালোচনা নতুন কিছু নয়। প্রায়ই বলিউড ও দক্ষিণী তারকাদের ব্যক্তিগত ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক হয়েই থাকে। তবে সাই পল্লবীর ক্ষেত্রে আলোচনার তীব্রতা আরও বেড়েছে, কারণ তিনি বর্তমানে বড় বাজেটের পৌরাণিক কাহিনির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করছেন।
শেষ পর্যন্ত প্রশ্ন উঠছেই, একজন অভিনেত্রী হোক বা সাধারণ নারী তাঁর ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়েও জনতার নিয়ন্ত্রণ থাকবে? যদিও এই কটাক্ষে এখনো পর্যন্ত কোন মন্তব্যই করেননি সাই পল্লবী।
