ওঙ্কার ডেস্ক: বছর প্রায় শেষের মুখে, বিদায় বেলায় আবারও সম্পর্কে বিদায় জানানোর খবর টলিপাড়ায়। ফের বিনোদন জগতে বিচ্ছেদের সংবাদ। নিজের বিবাহবিচ্ছেদের খবর জানিয়েছেন জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর। সম্প্রতি নিজের ফেসবুক পোস্ট করে একথা ঘোষণা করেছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, বিচ্ছেদ নিয়ে কাটাছেঁড়া হতেই পারে, কিন্তু কোনও প্রতিক্রিয়া দেবেন না তিনি বা তাঁর প্রাক্তন স্বামী জেভ অথবা সেলিব্রিটি মা তনুশ্রী শঙ্কর। তবে কী কারণে বিচ্ছেদ, তা স্পষ্ট করেন শ্রীনন্দা। অভিনেত্রীর লেখায় স্পষ্ট সাংসারিক সমীকরণ, তিনি লিখেছেন- অনলাইনে জনপ্রিয় ভিডিওগুলোই সুখীদাম্পত্য বা দাম্পত্যের রসায়নের সবটা ধরা পড়ে না।
প্রসঙ্গত, শঙ্কর পরিবারের উত্তরসূরি হিসেবে নিজেকে নৃত্য জগতে প্রতিষ্ঠিত করেছেন শ্রীনন্দা শঙ্কর। সেইসঙ্গে তিনি মডেলিং এবং অভিনয় জগতেও নিজের দক্ষতা দেখিয়েছেন। ২০০৯ সালে মহারাষ্ট্রের পার্সি ব্যবসায়ী জেভ সাতারাওয়ালের সঙ্গে বিবাহ সারেন শ্রীনন্দা। কলকাতায় ভারতীয় ও পার্সি – দুই মতেই বিয়ের অনুষ্ঠান হয়। এক কন্যাও রয়েছে শ্রীনন্দা-জেভের। তবে একফোঁটাও আঁচ করা যায়নি যে উভয়ের সম্পর্কে ভাঙাগড়া চলছে। তবে মডেল অভিনেত্রী এবার ক্রিসমাসের আগে নিজের বিয়ে ভাঙার কথা ঘোষণা করলেন। জানালেন, আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দম্পতি। বিবাহিত জীবন নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে। বিচ্ছেদের সিদ্ধান্ত উভয়ের। এনিয়ে আর কোনও প্রতিক্রিয়া তাঁরা দেবেন না। এহেন খবরে তাঁর অনুরাগী নানান মন্তব্য করেছেন সমাজমাধ্যমের পাতায়।
