ওঙ্কার ডেস্ক: ‘মিটু’ আন্দোলন নিয়ে ২০১৮ সালে সমাজমাধ্যম উত্তাল হয়েছিল। অভিনেত্রী তনুশ্রী দত্ত অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে জল গড়ায় বহু দূর। কিন্তু যথাযথ প্রমাণের অভাবে সেই মামলাটি বন্ধ করা হয়। তার পর মাঝে কয়েকটা বছর বিদেশে ছিলেন অভিনেত্রী। যদিও বছর দুয়েক হল দেশে ফিরে এসেছেন। দেশে ফিরে জানান আধ্যাত্মিকতায় পথেই হাঁটছেন তিনি। হঠাৎ এবার সমাজমাধ্যমে পাতায় একটি ভিডিয়ো দিয়ে কান্নায় ভেঙে পড়েন তনুশ্রী। জানান, হেনস্থার শিকার তিনি।
সমাজমাধ্যমের ভিডিওতে তনুশ্রী কাঁদতে কাঁদতে বলেন, ‘‘আমাকে নিজের বাড়িতেই হেনস্থার শিকার হতে হচ্ছে। সেই ২০১৮ সাল থেকে চলছে। আর পারছি না। আমি পুলিশকে ফোন করেছি। তাঁরা এসে বললেন থানায় গিয়ে লিখিত অভিযোগ জমা দিতে। হয়তো কাল যাব থানায় লিখিত অভিযোগ জমা দিতে। গত পাঁচ বছর ধরে হেনস্থার শিকার আমি। আমার শরীর খুব খারাপ। বাড়িতে সাহায্যের কোনও লোক নেই। একাই সব কাজ করি। কেউ আমাকে সাহায্য করুন।’’ কাতরস্বরে অনুরোধ তনুশ্রীর। সমাজমাধ্যমে অনেকেই নানা রকমের মন্তব্য করেছেন। যদিও বাড়ির মধ্যে কে বা কারা তাঁকে হেনস্থা করছে সেই বিষয়ে খোলসা করে কিছু জানাননি অভিনেত্রী।
প্রসঙ্গত, সমস্যার সূত্রপাত ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ়’ ছবি মুক্তির সময় থেকে। নাচ শেখানোর নামে নাকি শারীরিক ভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ জানিয়েছিলেন অভিনেত্রী। সেই জল গড়ায় আদালত পর্যন্ত। পরবর্তীকালে অভিনেতা ঘটনাটি প্রসঙ্গে জানান, “আমি জানতাম এই অভিযোগ মিথ্যা। আর এ অনেক পুরনো কথা। আর এগুলি নিয়ে কথা বলারও প্রয়োজন নেই।’’
