ওঙ্কার ডেস্ক: বহু প্রতীক্ষিত থ্রিলার, অবশেষে মুক্তি পেয়েছে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’। শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ থেকেই অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিংও শুরু হয়েছে। আর মুক্তির পর থেকেই ব্যাপক উন্মাদনা ছড়িয়ে পড়েছে দর্শকমহলে। নতুন সিজনের গল্প আগের চেয়ে আরও বিস্তৃত-বিস্ফোরক-আবেগঘন। চার বছর ওয়েব সিরিজের দুনিয়ায় এটা একটা যুগ। তবু যত দিন গিয়েছে, ‘দ্য ফ্যামিলি ম্যান’ যেন তত জনপ্রিয় হয়েছে। ২০১৯’এ শুরু হয়ে ২০২১-এ শেষ হওয়া সিজন ২-এর পরেও দেশজুড়ে একটাই প্রশ্ন দেখা গিয়েছে বারবার পরের সিজন কবে দেখা যাবে? এইমুহূর্তে ওটিটিতে রমরমিয়ে চলছে এই সিরিজের নয়া সিজন। তবে তার রেশ কাটতে না কাটতেই ‘দ্য ফ্যামিলি ম্যান ৪’-এর ঘোষণা করতে দেখা গেল খোদ মনোজ বাজপেয়ীকেই!
‘দ্য ফ্যামিলি ম্যান ৪’-এর ঘোষণা নিজেই করে ফেললেন মনোজ বাজপেয়ী। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন উত্তেজনা। কারণ শুধু ঘোষণা নয়, অভিনেতা ইঙ্গিতও দিয়ে গেলেন, এইবার অপেক্ষা আগের মতো লম্বা হবে না। প্রসঙ্গত, ঘটনার শুরু এক ভক্তের পোস্ট থেকে। একটানা গোটা সিজন ৩ দেখে ফেলেই তৎক্ষণাৎ সেই অনুরাগী এক্স-এ সিরিজের পরিচালক জুটি রাজ ও ডিকে-কে ট্যাগ করে লেখেন, “পুরো দিন ধরে একটানা দেখলাম, আর আপনারা শেষটা এমন অধরা রেখে দিলেন! এটা কি সিজন শেষ, না কি পরে বাকি সব পর্ব আরও আসবে?” পোস্টটি নজর এড়ায়নি কারও। এরই মধ্যে ঝট করে রিপ্লাই দিলেন মনোজ বাজপেয়ী। তিনি লিখলেন, “সবকিছুর জবাব সিজন ৪-এ পাওয়া যাবে! আর খুব তাড়াতাড়িই এবার দেখা হচ্ছে!” এই এক লাইনেই স্পষ্ট হয়ে গেল সব। সিজন ৩–র ওপেন এন্ডিং-ই ছিল সিজন ৪–এর সেটআপ, আর তা আসবেও ভীষণ তাড়াতাড়ি।
সিজন ১ মুক্তি পেয়েছিল ২০১৯ সালে, সিজন ২ মুক্তি পেয়েছিল ২০২১ এবং সিজন ৩ মুক্তি পেল ২০২৫ সালে। দীর্ঘ চার বছরের লম্বা অপেক্ষায় অতিষ্ঠ হয়ে পড়েছিলেন ভক্তরা। সব মিলিয়ে, সিজন ৪ সিরিজটির সবচেয়ে বড় ও অ্যাকশন-প্যাকড অধ্যায় হতে চলেছে, এমনই জল্পনা চলছে সমাজমাধ্যমে।
