ওঙ্কার ডেস্ক: চলতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কেউ কাউকে ময়দান ছাড়ল না। ‘বাংলা সেরা’র খেতাব জিতল স্টার জলসা ও জি বাংলার দুই ধারাবাহিক। একই সঙ্গে প্রথম স্থানে দুই ধারাবাহিক ‘পরশুরাম’ ও ‘পরিণীতা’। যৌথভাবে দুই মেগার প্রাপ্ত নম্বর ৬.৫। দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। এক সময় প্রথম সারিতে থাকলেও নতুন ধারাবাহিক আসায় নম্বর কমেছিল ‘জগদ্ধাত্রী’র। তবে এবার নতুন ট্র্যাকে বেশ ভালই ফলাফল এই মেগার। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের ঝুলিতে ৬.৩ নম্বর।
গত সপ্তাহে টিআরপিতে তৃতীয় স্থানে উঠে এল চিরদিনই তুমি যে আমার। পাশাপাশি একই তালিকায় রয়েছে ‘ফুলকি’ও। এই সপ্তাহে ৬.১ পেয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে এই দুই ধারাবাহিক। চলতি সপ্তাহে টিআরপি কমে গেল ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’র। ৬.০ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই মেগা। ৫.৯ রেটিং পেয়ে পঞ্চম স্থানে রয়েছে আমাদের দাদামণি। ষষ্ঠ স্থানে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’। তাদের প্রাপ্ত নম্বর ৫.৮। অন্যদিকে চিরসখা ধারাবাহিক ছিটকে গেল প্রথম পাঁচ থেকে। ৫.৫ পেয়ে এবার সপ্তমে এই ধারাবাহিক। গল্পের টুইস্টে অষ্টমে রয়েছে ‘জোয়ার ভাঁটা’। ধারাবাহিকে ইতিমধ্যেই শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতির অভিনয় প্রশংসিত হচ্ছে দর্শক মহলে। এই সপ্তাহে তাঁদের প্রাপ্ত নম্বর ৫.১। নবম স্থানে ৪.৯ পেয়ে রয়েছে ‘তুই আমার হিরো’। এবং সেরা দশে জায়গা করে নিয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’।তারা পেয়েছে ৪.৬ নম্বর।
চলতি সপ্তাহে টিআরপি-তে নজর কাড়তে পারেনি অনেক ধারাবাহিকই। অন্যদিকে, আসছে আরও নতুন ধারাবাহিক। নতুন গল্প নিয়ে ফিরছেন পরিচিত নায়ক-নায়িকারা। যদিও মধুমিতা সরকারের ‘ভোলে বাবা পার কারেগা’ শুরু থেকেই কটাক্ষের শিকার হয়েছে। ফল স্বরূপ প্রথম দশে এখনও জায়গা পায়নি এই ধারাবাহিক। ইতিমধ্যেই শেষের ঘণ্টা বেজেছে বেশকিছু ধারাবাহিকের। এবার টিআরপি-র দৌড়ে টিকে থাকতে পারে কে, সেটাই নজর সকলের।
