ওঙ্কার ডেস্ক: বাংলা ছবিতে অভিনয়ের মাধ্যমেই টলিপাড়ায় পথচলা শুরু করেন উজান গাঙ্গুলী। তিনি অভিনয় করেছিলেন তাঁর বাবা কৌশিক গাঙ্গুলীর নির্দেশনাতেও। এরপর উচ্চশিক্ষার জন্য বিদেশও গিয়েছিলেন। ফিরে এসেই প্রথম হিন্দি কাজের পরিচালকের বসতে চলেছেন উজান।
বাংলা নয়, নেটফ্লিক্সের একটি হিন্দি সিরিজ পরিচালনা দিয়েই তাঁর বলিউড যাত্রা শুরু হল। ‘কুরক্ষেত্র’ নামে একটি সিরিজ তৈরির ভার রয়েছে তাঁর কাঁধে। নেটফ্লিক্সের নতুন অ্যানিমেশন সিরিজ কুরুক্ষেত্র’এর সম্পূর্ণ লেখা ও পরিচালনার দায়িত্ব এখন তাঁর হাতে। মহাভারতের কাহিনি নিয়ে তৈরি হবে নেটফ্লিক্সের এই সিরিজ। তবে এটি কিন্তু অ্যানিমেশন। জানিয়ে রাখা ভাল, সে ছবির গীতিকার গুলজার! এছাড়াও উজানের পাশে একটি বড় রিসার্চ টিম ও লিগ্যাল টিম রয়েছে, যাতে মহাকাব্যের আখ্যানের সঙ্গে আধুনিক প্রেক্ষাপটও নিখুঁত হয়। উজানের কর্মজীবনে এই নতুন পালক যোগ হওয়াতে আবেগঘন কৌশিক গাঙ্গুলী।
সেই কথা সমাজমাধ্যমে জানিয়েছেন স্বয়ং পরিচালক কৌশিক গাঙ্গুলী। নেটফ্লিক্সের ‘কুরুক্ষেত্র’ ছবির পোস্টারের ছবি ভাগ করে তিনি লিখলেন, ” সন্তান কোনওদিনই বাবা মায়ের কাছে বড় হয় না। তাই ছোটবেলার স্কুলের প্রথম দিনের আবেগ আর গ্র্যাজুয়েশনের ডিগ্রি পাওয়ার আনন্দের কোনো পার্থক্য পাইনি। আজ সকালে উঠে নেটফ্লিক্স সিরিজ কুরুক্ষেত্রের প্রথম ঘোষণার পোস্টারের নিচে লেখা ‘লিরিক্স গুলজার’ আর তার ঠিক পাশেই ‘রাইটার ডিরেক্টর উজান গাঙ্গুলী’ নামটা দেখে বাবা মায়ের মনে যা ঘটতে পারে ঠিক তাই হচ্ছে! আমি, চূর্ণী তো চিত্রনাট্য, পরিচালনা ও অভিনয় করছি; উজানও অভিনয়ের গন্ডি পেরিয়ে চিত্রনাট্য ও পরিচালনায় তার দক্ষতা যাচাই করার বিরাট সুযোগ পেয়েছে। দীর্ঘ ৩ বছর মুখ বুজে অক্লান্ত পরিশ্রমের ফল আজকের এই দিনটা। বিশেষ করে বলতে হয় Hi-Tech Film & Broadcast Academy Pvt. Ltd.-র কথা। দেশের বিভিন্ন প্রান্তের দক্ষ অ্যানিমেটরদের সাথে নিজেদের সুদক্ষ ও প্যাশনেট টিমের নিরলস একাগ্রতার জন্য আজ বাস্তব হলো এই স্বপ্ন। ওরা কলকাতার গর্ব। অ্যানিমেশন হোক বা লাইভ অ্যাকশন ছবি, নেপথ্যে অজস্র মানুষের যৌথ লড়াই থাকে। তাঁদের প্রত্যেককে আমার ও চূর্ণীর তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।
অন্যদিকে, চূর্ণী গাঙ্গুলীও স্বামীর মতোই সন্তানের এই অর্জনে উচ্ছ্বসিত। অভিনয়ের বাইরে বেরিয়ে পরিচালনা ও চিত্রনাট্যে উজানের দক্ষতা প্রমাণের এই সুযোগ তাঁদের কাছে নতুন সূচনার ইঙ্গিত। নেটফ্লিক্সের কুরুক্ষেত্র শুধু একটি অ্যানিমেশন সিরিজ নয়, টলিপাড়ার জন্যও এক গর্বের অধ্যায়। কারণ এর মূলে রয়েছেন কলকাতার তরুণ, যিনি আন্তর্জাতিক মঞ্চে বাংলার নাম উজ্জ্বল করতে প্রস্তুত।
