ওঙ্কার ডেস্ক: বলি পাড়ায় নতুন গুঞ্জন, কিয়ারা আডবানির পর বলিউডের হবু মা কি ক্যাট্রিনা ক্যাফ? ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে পরনে সাদা ঢিলেঢালা কোঅর্ড সেট পড়া ছবি। টাইট করে বাঁধা পনিটেল। মেকআপের নেই বললেই চলে! মাস্কে ঢাকা মুখ। একেবারে ধীর গতিতে অতি সন্তপর্ণে বোটের সিঁড়ি বেয়ে উঠছেন ক্যাটরিনা ক্যাফ। আর গাড়ি থেকে বেরনোর পর থেকে বোটে ওঠা পর্যন্ত রাস্তায় স্ত্রীকে আগলে রেখেছেন ভিকি কৌশল! আর মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর মা হওয়ার জল্পনা।
ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে, গাড়়ি থেকে নেমে ধীরে-সুস্থে জেটির দিকে যাচ্ছেন ক্যাটরিনা। সামনে ভিড় সরিয়ে স্ত্রীকে জায়গা করে দিচ্ছেন ভিকি কৌশল। দম্পতির পরনে রং মিলান্তি সাদা পোশাক। আর কালো মাস্ক ঢাকা মুখ। ক্যামেরা দেখেই ক্যাটরিনা যেন খানিকটা সতর্ক হয়ে গেলেন। একাধিকবার অভিনেত্রীর অস্বস্তি ধরা পড়েছে ক্যামেরাতে। তবে ওই ভিডিওতে নজর কাড়ল অভিনেত্রীর পরনে পোশাক। নেটপাড়ার একাংশের অনুমান, হয়তো স্ফীতোদরের জন্যই এমন জামা পরেছেন অভিনেত্রী! কারও বা আবার নজর পড়ল তাঁর হাঁটাচলার দিকে। সবমিলিয়ে ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় বলিপাড়া থেকে নেটপাড়া।
জানা গিয়েছে, ব্যস্ত শিডিউল থেকে কিছুটা সময় বের করে কোয়ালিটি টাইম কাটাতে গিয়েছেন ভিকি-ক্যাট। প্রসঙ্গত, বলিউডের অনেকেই মা-বাবা হয়েছেন, সম্প্রতি সেই দলে যোগ হয়েছে সিদ্ধার্থ-কিয়ারা। সেই প্রেক্ষিতে ভিকি-ক্যাটরিনা অনুরাগীদেরও প্রত্যাশা বেড়েছে। তাদের আবদার, মিষ্টি সেলেব দম্পতির সংসারে এবার খুদে অতিথি আসুক। এর আগেও যদিও ক্যাটরিনার মা হওয়ার জল্পনা শোনা গিয়েছিল।
বিয়ের বয়স সাড়ে তিন বছর। আর এর মধ্যেই কৌশল পরিবারের বউমা ক্যাটরিনা একেবারে গিন্নি হয়ে উঠেছেন। কড়া হাতে সংসার খরচের সব হিসেব রাখেন অভিনেত্রী। শুধু তাই নয়, চলতিবছরের কুম্ভমেলাতেও শাশুড়ির সঙ্গে গিয়ে আস্থার ডুব দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। বিয়ের পর সিনেমা নির্বাচনের ক্ষেত্রেও অনেকটা সচেতন তিনি। তবে ভাইরাল ভিডিও চর্চা আসলেই সত্যি কি না সে কথা সময়ই বলবে।
