ওঙ্কার ডেস্ক: বহুদিন যাবত চলছে জল্পনা। বলিউডের অন্যতম জনপ্রিয় কাপল ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলের ঘরে আসতে চলেছে নতুন সদস্য। অক্টোবর কিংবা নভেম্বরেই প্রথম সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। তারকা দম্পতি যদিও এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেননি। তবে সূত্রের মাধ্যমে জানা গেছে যে ক্যাটরিনা অন্তঃসত্ত্বা।
কয়েক মাস ধরেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নানা জল্পনা উঠছিল সমাজমাধ্যমে। অবশ্য এসব গুঞ্জন দম্পতি সব সময় নীরবই থেকেছেন। তবে বিগত কিছু সময় ধরেই ক্যাটরিনা ক্যামেরার সামনে ধরা দেননি। এমনকি প্রকাশ্য অনুষ্ঠানের থেকে অনেকটা দূরে ছিলেন। সূত্র মাধ্যমে জানা গেছে, সন্তানের জন্মের পর অভিনেত্রী মাতৃত্বকালীন বিরতি নেবেন। সূত্র আরও জানিয়েছে, তিনি নিজের হাতে সন্তানের যত্ন নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।
সম্প্রতি একটি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ক্যাটরিনার গর্ভবস্থার গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে ভিকি কৌশল বলেন, ‘সুখবর হলে আমরা আপনাদের সঙ্গে তা ভাগ করে নিতে পারলে খুবই খুশি হব। তবে আপাতত এসব জল্পনার কোনো সত্যতা নেই।’ যদিও তারপরও জল্পনা-গুঞ্জন কেউই ইতি টানেনি। এমনকি বিদেশে অভিনেত্রীর বেশ কিছু ভিডিও-ছবি ভাইরাল হয়েছে যেখানে তাঁকে ঢিলে, ওভারসাইজড পোশাকে দেখে অনেকেই মনে করেছেন তিনি অন্তঃসত্ত্বা।
প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের জয়পুরে বিয়ে করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। তাঁদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুমহল সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের প্রেমের সম্পর্ক নিয়েও নানান গুঞ্জন উঠেছিল। সেই সময়েই দুই তারকার কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে বিয়ের পর থেকেই বিশেষ মুহূর্তগুলোতে দম্পতি তাঁদের ইনস্টাগ্রাম পোস্টে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন।
