ওঙ্কার ডেস্ক: সপ্তাহখানেক আগেই অরিজিৎ সিংহের জিয়াগঞ্জের বাড়িতে অতিথি হয়ে হাজির হন বলি অভিনেতা আমির খান। অরিজিতের বাড়িতে কাটিয়ে গিয়েছেন দিনচারেকও। এবার জিয়াগঞ্জের অতিথি হলেন টলিপাড়ার দুই তারকা। গায়কের বাড়িতে এবার হাজির অভিনেতা যিশু সেনগুপ্ত ও সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত।
জানা গিয়েছে, ২০ফেব্রুয়ারি রাতেই অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে জিয়াগঞ্জে পৌঁছে গিয়েছেন যিশু ও ইন্দ্রদীপ। তবে অল্প সময়ের জন্যই তাঁরা সেখানে থাকবেন বলে শোনা যাচ্ছে। একাংশের আন্দাজ, আসন্ন কোনও কাজ নিয়ে কথা বলতেই অরিজিতের বাড়িতে গিয়েছেন তাঁরা। তবে অরিজিতের আসন্ন ছবির কাজে, না কি কোনও ছবির কাজ নিয়ে তাঁরা গিয়েছেন, তা নিয়ে এখনই স্পষ্ট নয়।
প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আমির গিয়েছিলেন অরিজিতের বাড়িতে। ৪ ফেব্রুয়ারি আবার মুম্বই ফেরত চলে যান। ঠিক কী কারণে মুম্বই থেকে জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে যান হাজির হন আমির, এই নিয়ে চলে নানা জল্পনা। আমিরের প্রযোজনা সংস্থার আসন্ন ছবি ‘এক দিন’এর গানই ছিল আসল কারণ। সেই সঙ্গে অরিজিতের সঙ্গে সময় কাটানোও ছিল তাঁর উদ্দেশ্য।
পরে সমাজমাধ্যমেও আমিরের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয় ‘এক দিন’ ছবির গান গেয়েছেন অরিজিৎ। এই ছবিতে রয়েছেন জুনেইদ খানও। তবে, ঠিক কী কারণে অরিজিতের বাড়িতে টলিপাড়ার দুই তারকা পৌঁছোলেন, তা নিয়ে এখন নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
