ওঙ্কার ডেস্ক: ঋতুপর্ণা সেনগুপ্তর হাত ধরে আসছে নতুন বাংলা ছবি ‘জয়ীতা’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়েও করেছেন তিনি। এছাড়াও রয়েছেন টলিপাড়ার বহু তারকা – রোহিত রায়, বিশ্বজিৎ চক্রবর্তী, মানসী সিনহা, রত্না ঘোষাল প্রমুখ। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন জিৎ দত্ত।
‘জয়ীতা’র গল্পে বিশাল ধন-সম্পদ আর আভিজাত্যের মাঝেও একাকীত্বে ডুবে থাকা এক মানুষ শুভেন্দু রায়চৌধুরী। স্ত্রী বিয়োগের পর কলকাতার বিশাল বাড়িতে যিনি একা, সঙ্গী কেবল নিঃসঙ্গতা। তাঁর নিঃসঙ্গতা কাটাতে আসেন জয়ীতা। নিজের সেবা আর মমতায় তিনি শুভেন্দুবাবুর বিষণ্ণ জীবনে নতুন আলোর ছোঁয়া এনে দেন। কিন্তু সুখ সবার সয় না, এক্ষেত্রেও তেমনই। তারপর ধীরে ধীরে গল্প এগোয়। বাবা ও ছেলের মাঝখানে এক আবেগের সেতু হয়ে ওঠেন জয়ীতা। কিন্তু তারপর কী হয় সেটাই দেখাবে এই ছবি। জানা যাচ্ছে ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে।
ছবি প্রসঙ্গে রোহিত রায় বলেন, “আমার কাছে বাংলা ছবিতে কাজ করাটা অত্যন্ত গর্বের ও আবেগের বিষয়। ২০১০ সালে আমি আমার প্রথম বাংলা ছবি করি এবং তারপর থেকে এ পর্যন্ত প্রায় ন’দশটি ছবি করেছি। তাই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আমি খুব বেশি নিয়মিত না হলেও, যখনই এখানে আসি আমি দারুণ উপভোগ করি। অন্যদিকে, ঋতুপর্ণা জানান, “জিৎ-এর পটাদার কীর্তি ছবিতে প্রযোজনায় ছিলাম। রোহিতের সঙ্গে কাজ করা সবসময়ই অনেক মজার কারণ ও খুব মজাদার একজন মানুষ এবং আমরা অনেক ছবিতে কাজ করেছি, মানে তিনটি বাংলা এবং দুটি হিন্দি। আমি সবসময় ওর সঙ্গে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি।”
