ওঙ্কার ডেস্ক: জি বাংলার জনপ্রিয় ও চর্চিত ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে বড়সড় বদল। গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র ‘মীরা’-কে বেশ কয়েকদিন আর দেখা যাচ্ছে না পর্দাতে। আর এই আকস্মিক অনুপস্থিতি ঘিরেই দর্শকমহলে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
প্রসঙ্গত, ‘মীরা’ চরিত্রে অভিনয় করছিলেন টলিপাড়ার জনপ্রিয় মুখ তন্বী লাহা রায়। খলনায়িকার চরিত্র হয়েও অল্প সময়ে তিনি আলাদা করে নজর কেড়েছিলেন দর্শকদের। সম্প্রতি গল্পে যে তাঁকে দেখা যাচ্ছে না, তাও লক্ষ্য করেছেন অনুরাগীরা। কেউ কেউ হয়তো অভিনেত্রীর পর্দায় ফেরার জন্যে অপেক্ষাও করছিলেন। তবে এবার স্বয়ং তন্বী সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, ধারাবাহিকে তাঁর যাত্রা আপাতত শেষ।
পোস্টে তিনি জানিয়েছেন, চরিত্রটির আরও অনেক দিক দেখানোর ছিল, অনেক কথা বলা বাকি ছিল। কিন্তু গল্প যেন হঠাৎ করেই অন্য মোড় নিয়েছে। দর্শকদের ভালবাসা ও মন্তব্যের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি। সমাজমাধ্যমের পাতায় তন্বী লিখেছেন, “শেষবার মীরা হয়ে লিখছি, ভাবিনি মীরার গল্পটা এভাবে অসম্পূর্ণ হয়ে থাকবে। এখনও অনেক না বলা কথা ছিল। অনেক স্বপ্ন পূরণ হওয়া বাকি ছিল। ভাল হওয়া বাকি ছিল। তার চোখে ছিল হাজারটা না বলা কথা। সেগুলো না বলাই থেকে যাবে ভাবিনি। আমাকে অনেকদিন দেখা যানি বলে তোমাদের যে মেসেজ গুলো পেয়েছি, তা সব অনুভব করেছি। তোমরা শুধু মীরাকে দেখোনি, তোমরা আপন করে নিয়েছিলে। বিদায় বলা খুব কঠিন। বিশেষ করে গল্পটা যখন শেষ হয় না। কেন মীরাকে বিরতি দিল এভাবে আমিও জানি না। আমার গল্পটা অসম্পূর্ণই রয়ে গেল।”
ধারাবাহিকের কাহিনি এখন মূলত আর্য ও অপর্ণাকে ঘিরে এগিয়ে চলেছে। পূর্বজন্মের রহস্য, রাজনন্দিনীর আবির্ভাব সব মিলিয়ে গল্পে নিয়েছে নতুন মোড়। এই পরিবর্তনের মধ্যেই একাধিক পার্শ্বচরিত্রের গুরুত্ব কমে এসেছে বলে মনে করছেন অনেকেই। মীরার অনুপস্থিতিও সেই ধারাবাহিকতারই অংশ কি না, তা খোলসা করা হয়নি। মীরার অধ্যায় কি সত্যিই শেষ, নাকি ভবিষ্যতে কোনও চমক অপেক্ষা করছে, গল্পে কি দেখা যাবে নতুন দিক, সেই প্রশ্নের উত্তরের জন্য সময়ের অপেক্ষা।
