ওঙ্কার ডেস্ক: টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই সমাজমাধ্যমে। এর মাঝেই অভিনেত্রীর দিকে উঠেছে শুটিং ফ্লোরে শিশু শিল্পীকে মানসিক অত্যাচার করার অভিযোগ। এর আগেও তৃণা সম্পর্কে নানা গুঞ্জন দানা বাঁধলেও তা নিয়ে কখনওই মুখ খলেননি অভিনেত্রী। এক্ষেত্রেও একই ছবি। তবে এবার ইঙ্গিতবাহী পোস্ট দেখা গেল অভিনেত্রী সোশাল মিডিয়ার পাতায়।
কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে স্টার জলাসার ‘পরশুরাম’ ধারাবাহিকের শিশুশিল্পী অভিনব অর্থাৎ পর্দার ‘লাট্টু’র পরিবারের তরফে অভিনেত্রীর বিরুদ্ধে শুটিং ফ্লোরে তার উপর মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। এই নিয়ে জলঘোলা চলছে বহু দিন ধরেই। এতদিন পর্যন্ত মুখে কুলুপ এঁটেছিলেন তৃণা। এবার নীরবতা ভাঙলেন তিনি। তৃণা তাঁর পোস্টে লেখেন, ‘মানুষ আপনাকে যতই বদনাম করার চেষ্টা করুক না কেন, আপনি চুপ থাকুন। যারা আপনাকে ভুল বোঝে তাঁদের কিছু ব্যাখ্যা করার দরকার নেই। এই চুপ থাকা আপনার কণ্ঠ নেই বলে নয়, বরং কারণ যারা আপনাকে ভুল বুঝতেই চায়, তাদের কাছে ব্যাখ্যা দেওয়ার কোনো দায় আপনার নেই। তারা কথা বলুক, ধরে নিক, গল্প বানাক আপনার ধারাবাহিকতা, চরিত্র আর অগ্রগতি একদিন ঠিকই সত্যটা সামনে এনে দেবে। নীরবতা দুর্বলতা নয়; এটা আত্মসংযম। আর শান্তি মানে হলো নাটকের বদলে মর্যাদাকে বেছে নেওয়া।’ তৃণার এই পোস্টের পর থেকেই অনেকে মনে করছেন তাঁর বিরুদ্ধে শিশুশিল্পীকে মানসিক অত্যাচার চালানোর যে অভিযোগ উঠেছে তা নিয়েই এই পোস্ট তৃণার।
উল্লেখ্য, একইসঙ্গে ফের দানা বেঁধেছে নীল-তৃণার বিচ্ছেদের গুঞ্জনও। যদিও এর আগেও বারকয়েক এই গুঞ্জন উঠেছিল বিনদনমহলে। কিন্তু এবার নীল ও তৃণা একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। এমন কি জন্মদিন ও বিবাহবার্ষিকীতে তাঁদের কোনওরকম পোস্টও সামনে আসেনি অনুরাগীদের। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। যদিও তা নিয়েও মুখ খোলেননি তৃণা। আপাতত কাজে মন দিয়েছেন তৃণা।
