ওঙ্কার বাংলা: বাঙালির সরস্বতী পুজো মানেই প্রেম দিবস আর সেইদিনই বিয়ের জন্য বেছে নিয়েছিলেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। অবশেষে চার হাত এক হল মধুমিতা-দেবমাল্যর। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে শুরু করলেন জীবনের নতুন অধ্যায়। রাজকীয় আবহে সম্পন্ন হল তাঁদের বিয়ের অনুষ্ঠান। জীবনের এই বিশেষ দিনে একেবারে সাবেকি বাঙালি কনের সাজে ধরা দিলেন নায়িকা। লাল বেনারসি, হাতে আলতা, কপালে লাল টিপ ও কলকার সঙ্গে গয়নায় পূর্ণ হল তাঁর সাজ। বরের সাজও কিছু কম ছিল না। বিয়ের লগ্নে ঘিয়ে রঙা পাঞ্জাবি ও মাথায় টোপর পরে সম্পূর্ণ বাঙালি বর হিসেবে নিজেকে তুলে ধরেন তিনি। অভিনেত্রী আগেই জানিয়েছিলেন, বিয়ের দিন তিনি সাবেকি সাজেই সাজবেন। পাশাপাশি গায়ে হলুদ অনুষ্ঠানেও ছিমছাম, রুচিশীল সাজ।
শৈশবের বন্ধুর মধ্যে ফের পেয়েছেন ভালবাসার খোঁজ। তাঁর সঙ্গেই নতুন করে ঘর বাঁধছেন মধুমিতা। প্রসঙ্গত, ১৮ জানুয়ারি সন্ধ্যায় আংটি বদলের অনুষ্ঠানে মেতেছিলেন মধুমিতা। বিশেষ মুহূর্তের একগুচ্ছ ছবি সমাজমাধ্যমে ভাগও করে নিয়েছেন অভিনেত্রী। উল্লেখ্য, ২০২৪ সালে পুজোর মরসুমে দেবমাল্যের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন মধুমিতা। তারপর থেকে কখনও ঘোরার ছবি, কখনও একান্ত মুহূর্তের ঝলক, অনুরাগীদের সঙ্গে তাঁদের প্রেমের নানা স্মরণীয় মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
