ওঙ্কার ডেস্ক: ভারত সরকারের তরফে রবিবার পদ্ম প্রাপকদের তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলা থেকে মোট ১১ জন এ বারে পদ্মশ্রী পাচ্ছেন। সেই তালিকায় রয়েছেন টলিউডের তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রবিবার পদ্ম সম্মান পাওয়ার সংবাদ শুনে স্বাভাবিক ভাবেই খুশি তিনি। তবে এই খুশির মুহূর্তে স্মরণ করলেন তাঁর বন্ধু প্রয়াত ঋতুপর্ণ ঘোষকে। জানালেন আজ তিনি থাকলে খুশি হতেন।
চার দশক ধরে টলিউডে কাজ করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর হাত ধরে টলিউডের ছবির জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছয়। বাণিজ্যিক ছবি থেকে ভিন্ন স্বাদের ছবি, সব ক্ষেত্রেই সাবলীল ভাবে কাজ করেছেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনের ফল হিসেবে এই পুরস্কার প্রাপ্তির পর প্রসেনজিৎ সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমাকে এই সম্মানের যোগ্য মনে করার জন্য ভারত সরকারকে অনেক ধন্যবাদ। এই প্রাপ্তি গত চল্লিশ বছরে আমার সঙ্গে যাঁরা কাজ করেছেন, সেই পরিচালক, টেকনিশিয়ান বন্ধু, প্রযোজক থেকে নায়িকারা—- সবার। যাঁরা আমার সঙ্গে এতদিন কাজ করেছেন, আমার ভুল ধরে দিয়েছেন আমাকে তৈরি করেছেন এটা তাঁদেরও সম্মান। কারণ তাঁরা না থাকলে আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হতে পারতাম না।’
তিনি আরও বলেন, ‘আমি সবথেকে বেশি মিস করছি আমার মাকে। ছেলে মিশুককে মিস করছি। নতুন প্রসেনজিৎকে মানুষ পেয়েছেন যে মানুষের জন্য আমার খুব কাছের বন্ধু ঋতুপর্ণ ঘোষ আজ তিনি আমাদের মধ্যে নেই কিন্তু সবসময় যেন মনে হয় আমাদের সঙ্গেই আছেন। আজ ও থাকলে খুব খুশি হত। আমার দর্শককে একটাই কথা বলতে চাই আপনারা না থাকলে আমি এতটা পথ আসতে পারতাম না। যা হয়েছে সব আপনাদের জন্য।’
