চোখকে বলা হয় মুখের সবচেয়ে আকর্ষণীয় অংশ। কিন্তু চোখের সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলতে যে বিষয়টি নীরবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তা হলো আইব্রো বা ভ্রু। ভ্রুর আকার, ঘনত্ব, দৈর্ঘ্য এবং আর্চ—সবকিছুই মুখের গঠন ও চোখের আকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে পুরো চেহারায় আসে আরও সুন্দর, পরিপাটি ও ব্যালান্সড লুক।
একটি সুন্দর আইব্রো শুধু চোখকে ফ্রেম করে না, বরং মুখের অভিব্যক্তিও অনেকটাই বদলে দিতে পারে। খুব পাতলা ভ্রু চোখকে তুলনামূলকভাবে বড় দেখাতে পারে, আবার অতিরিক্ত ঘন ও ভারী ভ্রু চোখের সৌন্দর্যকে ঢেকে দিতে পারে। তাই ট্রেন্ড অনুসরণ করার পাশাপাশি নিজের মুখের গঠন ও চোখের আকৃতি বোঝা অত্যন্ত জরুরি।
গোল মুখের ক্ষেত্রে সামান্য উঁচু আর্চযুক্ত আইব্রো মুখকে কিছুটা লম্বাটে ও শার্প দেখাতে সাহায্য করে। খুব গোল বা অতিরিক্ত বাঁকানো ভ্রু এড়িয়ে নরম, পরিষ্কার আর্চ রাখা ভালো।
লম্বাটে মুখের ক্ষেত্রে তুলনামূলকভাবে সোজা বা কম আর্চযুক্ত আইব্রো মুখের দৈর্ঘ্যের ভারসাম্য বজায় রাখতে পারে। এতে মুখ দেখতে আরও proportionate লাগে।
চৌকো মুখে নরমভাবে বাঁকানো, মাঝারি থেকে কিছুটা উঁচু আর্চ চোয়ালের দৃঢ় গঠনকে ব্যালান্স করে মুখে কোমলতা আনতে পারে। অন্যদিকে হার্ট-শেপ মুখে খুব বেশি ধারালো আর্চের পরিবর্তে মসৃণ ও নরম কার্ভ বেশি মানানসই।
চোখের আকৃতিও আইব্রো বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বড় চোখে একটু ঘন ও স্বাভাবিক ভ্রু চোখের সৌন্দর্যকে সুন্দরভাবে ফ্রেম করে। ছোট চোখে অতিরিক্ত ভারী ভ্রুর বদলে পরিষ্কার, সুগঠিত এবং সামান্য উঁচু আর্চ চোখকে আরও ওপেন ও উজ্জ্বল দেখাতে পারে। হুডেড চোখের ক্ষেত্রে অতিরিক্ত নিচু ভ্রুর পরিবর্তে পরিমিত আর্চ চোখের অংশটিকে আরও দৃশ্যমান করে তুলতে সাহায্য করে।
তবে সবশেষে মনে রাখতে হবে, সুন্দর আইব্রোর কোনো একক সংজ্ঞা নেই। আপনার মুখের গঠন, চোখের আকৃতি, প্রাকৃতিক ভ্রুর ঘনত্ব এবং ব্যক্তিগত স্টাইল—সবকিছুর সমন্বয়েই তৈরি হয় আপনার জন্য পারফেক্ট আইব্রো। কারণ সঠিক আইব্রো শুধু চোখকে সুন্দর করে না, পুরো মুখের সৌন্দর্য ও ব্যক্তিত্বকে আরও পরিপূর্ণ করে তোলে।