ওঙ্কার ডেস্ক: কেন্দ্রের মোদী সরকারকে কোণঠাসা করতে এ বার কৃষক, ছাত্রছাত্রী এবং তরুণদের নিয়ে একটি যৌথ মঞ্চ গড়ে তোলার লক্ষ্যে তৎপরতা শুরু করেছে ককরোচ জনতা পার্টি। মঙ্গলবার কৃষক নেতা রাকেশ টিকাইতের সঙ্গে সাক্ষাৎ করেন সিজেপি-র মুখপাত্র আশুতোষ রাঙ্কা। তাঁর আশা, এই সব গোষ্ঠী মিলে ‘নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে সব দিক থেকে ঘিরে ফেলবে।’
সূত্রের খবর, বৈঠকে আশুতোষ রাঙ্কা ছাড়াও ছিলেন সিজেপি-র অন্যান্য নেতারা। রাকেশ টিকাইত এবং ভারতীয় কিষাণ ইউনিয়নের (বিকেইউ) সদস্যরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। সিজেপি-র মত, কৃষক, শিক্ষার্থী ও তরুণদেরকে একটি সাধারণ মঞ্চে এনে কী ভাবে আগামী দিনে পদক্ষেপ নেওয়া হবে সেই কৌশল নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকের পর রাঙ্কা জানান, আমাদের সংগঠন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে একটি বৃহত্তর জোট গড়ে তুলতে চাইছে। রাঙ্কার কথায়, ‘আমরা আশা করি, আমাদের কৃষক ভাই এবং দেশের শিক্ষার্থী ও তরুণরা একসঙ্গে কাজ করে মোদী সরকারকে সব দিক থেকে কোণঠাসা করবে।’ উল্লেখ্য, নিট ইউজি পরীক্ষায় প্রশ্নফাঁস ও পরীক্ষায় জালিয়াতির ঘটনায় ৩৬ দিন ধরে আন্দোলন করেছে ককরোচ জনতা পার্টি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর সেই আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে সিজেপি নেতৃত্ব। তার কয়েক দিনের মধ্যেই এই বৈঠকটি অনুষ্ঠিত হলো। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শিক্ষা-সংক্রান্ত দাবির পাশাপাশি কৃষক ও তরুণদের সঙ্গে সম্পর্কিত এমন বিষয়গুলোকেও নিজেদের আন্দোলনে অন্তর্ভুক্ত করে প্রচারের পরিধি বাড়াতে চাইছে ককরোচরা।
ককরোচ জনতা পার্টির অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলনের সময় কেন্দ্র ও কয়েকটি রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বেশ কয়েকটি রাজ্যে শিক্ষার্থীদের বিরুদ্ধে এখনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই তালিকায় রয়েছে বিহার ও পশ্চিমবঙ্গ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ সিজেপির। এ ছাড়া রাজস্থানের মতো রাজ্যগুলোতে পড়ুয়াদের বিরুদ্ধে এখনও এফআইআর দায়ের করা হচ্ছে বলে দাবি সিজেপি নেতাদের।