ওঙ্কার ডেস্ক: যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় নববর্ষের প্রাক্কালে একটি সম্ভাব্য জঙ্গি হামলার ছক ভেস্তে দেওয়ার কথা জানিয়েছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। দীর্ঘদিনের নজরদারি ও গোপন তদন্তের পর শেষ মুহূর্তে এই হামলার পরিকল্পনা বানচাল করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থাটি। তাদের দাবি, এই হামলার নেপথ্যে ছিল আইএসআইএস দ্বারা অনুপ্রাণিত এক তরুণ।
এফবিআই সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের বয়স ১৮ বছর। নর্থ ক্যারোলিনার শার্লট শহরের উপকণ্ঠে মিন্ট হিল এলাকায় সে থাকত। নববর্ষের রাতে জনবহুল এলাকায় হামলা চালানোর পরিকল্পনা করেছিল সে। তদন্তকারীদের মতে, স্থানীয় একটি মুদিখানার দোকান এবং একটি ফাস্ট ফুড রেস্তরাঁকে লক্ষ্যবস্তু করার ছক কষা হয়েছিল। আগ্নেয়াস্ত্র নয়, ছুরি ও হাতুড়ির মতো ধারালো ও ভারী অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের উপর হামলা চালানোর পরিকল্পনা ছিল বলে দাবি করা হয়েছে।
তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত যুবক বেশ কয়েক বছর ধরেই উগ্রপন্থী মতাদর্শের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। ২০২২ সালেই, যখন সে নাবালক ছিল, তখন প্রথমবার এফবিআইয়ের নজরে আসে। সে সময় বিদেশে থাকা আইএসআইএসের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে অনলাইনে যোগাযোগের তথ্য সামনে আসে। পরবর্তী সময়ে তার অনলাইন কার্যকলাপ, কথোপকথন এবং চিন্তাভাবনার উপর নিয়মিত নজর রাখা হচ্ছিল বলে জানিয়েছে এফবিআই।
গোপন তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত যুবক যাদের সঙ্গে যোগাযোগ করছিল, তাদের মধ্যে কয়েকজন আসলে এফবিআই এবং নিউ ইয়র্ক পুলিশ বিভাগের গোপন এজেন্ট ছিলেন। সেই কথোপকথনের মাধ্যমেই হামলার পরিকল্পনার বিস্তারিত তথ্য হাতে আসে তদন্তকারীদের। নববর্ষের ঠিক আগে অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে হাতে লেখা নোট, হামলার খসড়া পরিকল্পনা এবং একাধিক অস্ত্র উদ্ধার করা হয়। নোটগুলিতে নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ করে হামলার কথা লেখা ছিল বলে দাবি করা হয়েছে।
এরপরই নববর্ষের আগের দিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ফেডারেল আদালতে তার বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠনকে সহায়তার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে। এই অপরাধে দোষী সাব্যস্ত হলে দীর্ঘমেয়াদি কারাদণ্ড হতে পারে। তদন্তকারী সংস্থার দাবি, সময়মতো হস্তক্ষেপ না করলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল, তবে তাদের তৎপরতার ফলে সাধারণ মানুষ সম্পূর্ণ নিরাপদ ছিলেন।
