অর্পিতা মুখার্জী, কলকাতা: পাকিস্তানে ফের খুন হলেন এক মহিলা সাংবাদিক। রাওয়ালপিন্ডির বাড়ি থেকে উদ্ধার হল ৪১ বছরের সংবাদ সঞ্চালক রাবিয়া আহসানের রক্তাক্ত দেহ। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পাকিস্তানে। পুলিশ আটক করেছে তাঁর স্বামীকে।
রবিবার বিকেলের ঘটনা। নিজের বাড়ির শোওয়ার ঘরেই ছিলেন রাবিয়া। বাড়িতে তখন ছিলেন তাঁর মা ও বোন। তাঁরা সামনের লনে বসে ছিলেন। হঠাৎই ঘরের ভিতর থেকে গুলির শব্দ ভেসে আসে। শব্দ শুনে দৌড়ে ঘরে ঢোকেন রাবিয়ার বোন আলউইনা। ভিতরে ঢুকে তিনি যে দৃশ্য দেখেন, তাতে হতবাক হয়ে যান। মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তাঁর দিদি। আর পাশে দাঁড়িয়ে স্বামী আহসান তাহির। তাঁর হাতে তখন একটি পিস্তল। পুলিশ এসে দেহ পরীক্ষা করে দেখে, রাবিয়ার শরীরে দুটি গুলির ক্ষত রয়েছে। একটি গলার নীচে, অন্যটি পিঠের ডান দিকে।
ঘটনাস্থল থেকে পয়েন্ট ৩০ বোরের একটি পিস্তল ও কার্তুজ উদ্ধার করেছে পঞ্জাব ফরেনসিক সায়েন্স অথরিটি। তদন্তে উঠে এসেছে, ঘটনার পর তাহির নাকি দাবি করেছিলেন, ভুল করে গুলি চলে গিয়েছে। বাড়ির পরিচারককে তিনি এমনটাই বলেছিলেন বলে খবর। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি ওই অস্ত্রের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরিস্থিতি, ঘটনাস্থলের নমুনা এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখে পুলিশ খুনের মামলা রুজু করেছে। পাকিস্তানের দণ্ডবিধির ৩০২ ধারায় তদন্ত চলছে।
কে এই রাবিয়া? দুই মেয়ের মা রাবিয়া কাজ করতেন পাকিস্তানের ‘৯২ নিউজ’ চ্যানেলে। তাঁর স্বামী আহসান তাহির ওভারসিজ পাকিস্তানিস ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর।
ঘটনার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি। প্রেসিডেন্টের এক্স হ্যান্ডেল থেকে দেওয়া বিবৃতিতে তিনি রাবিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন। একই সঙ্গে দোষীদের শাস্তি নিশ্চিত করতে পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি তোলেন।
আসিফা মনে করিয়ে দেন, তিন মাসেরও কম সময় আগে হিনা জাভেদ নামে আর এক কর্মরত মহিলা খুন হয়েছিলেন। আজও সেই তদন্তের কোনও ফল মেলেনি। তাঁর বক্তব্য, এই ধরনের ঘটনায় গুরুত্ব দিয়ে নজর দেওয়া জরুরি। মহিলারা যাতে ভয় ছাড়া বাঁচতে ও কাজ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।