অর্পিতা মুখার্জী
উত্তর চিনে ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার সন্ধ্যায় শানশি প্রদেশের তাইউয়ান শহরের একটি ৪০ তলা বহুতলে আগুন লাগে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অন্তত ৩৮ জন। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। চিনা সংবাদমাধ্যম সূত্রে এই খবর মিলেছে।
দুর্ঘটনাটি ঘটেছে তাইউয়ান শহরের হাওসেং ইন্টারন্যাশনাল অ্যাপার্টমেন্টে। প্রায় ৪০ তলা উঁচু এই ভবনে আবাসনের পাশাপাশি ছিল বাণিজ্যিক অংশও। একাধিক সংস্থার অফিস, হোটেল, রেস্তোরাঁ এবং ছোটদের জন্য স্টাডি সেন্টার ছিল সেখানে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা ৫টা নাগাদ প্রথম ভবনের ৫ তলায় আগুনের খবর আসে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও স্থানীয় প্রশাসন। শুরু হয় উদ্ধারকাজ। ক্রেনের সাহায্যে উপরে উঠে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা।
প্রায় ২ ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। প্রথমে ৫ জনের মৃত্যুর খবর মেলে। ৩৮ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪-তে।
উল্লেখ্য, চিনের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। দুর্বল বিল্ডিং কোড এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে গাফিলতির কারণে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে বলে অভিযোগ।
চলতি বছরের মার্চ মাসেও তাইউয়ান শহরের একটি বাড়িতে আগুন লেগেছিল। বাড়িটি হাওসেং ইন্টারন্যাশনাল অ্যাপার্টমেন্ট থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে অবস্থিত। সেই বাড়িতে ল ফার্ম, অফিস এবং বার ও রেস্তোরাঁ ছিল। সেই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছিল। গুরুতর আহত হয়েছিলেন অন্তত ২৩ জন।