ওঙ্কার ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড গুজরাটের মেহসানায় এক সারের কারখানায়। আগুনের জেরে পুড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। রবিবার ভোরে এই ঘটনায় জখম হয়েছেন আরও দুই জন কর্মী। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেহসানার সামেত্রা গ্রামের কাছে সার কারখানায় রাতে অন্যান্য দিনের মত কাজ করছিলেন শ্রমিকরা। রাতের শিফটে মোট ছয় জন কর্মী কর্মরত ছিলেন। রবিবার ভোর তিনটে নাগাদ কারখানায় আগুন লাগে। এর পর দুই শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। অগ্নিকাণ্ডের ফলে আহত আরও দুই জনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।আধিকারিকরা জানান, আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। মেহসানা দমকল বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তাঁরা। প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।
আগুন নিয়ন্ত্রণে আনার পর দুই শ্রমিকের দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটার সময় কারখানায় ছয় জন শ্রমিক ছিলেন বলে দমকল আধিকারিক জানান।পুলিশ জানিয়েছে, নিহতদের নাম মণীশ এবং ফুলচাঁদ, যথাক্রমে বিহার এবং মহারাষ্ট্রের বাসিন্দা। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে।
