ওঙ্কার ডেস্কঃ দেশ ছাড়ার পর থেকে দিল্লিতে আছেন হাসিনা। কিন্তু বিগত দেড় বছরে কখনোই প্রকাশ্যে আসেননি। ভার্চুয়াল মাধ্যমে দেশবাসী এবং আওয়ামী লিগের নেতা কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিলেও ক্যামেরার সম্মুখীন হননি। তবে হাসিনার দল আওয়ামী লিগের নেতাকর্মীরা চাইছেন, নেত্রী এবার ক্যামেরার সামনে হাজির হন। আগামী শুক্রবার দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে এই প্রথমবার শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দিতে পারেন বলে জানা গিয়েছে।
আওয়ামী লিগের নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করতে নেত্রীর ক্যামেরার সম্মুখীন হওয়া জরুরি বলে মনে করা হচ্ছে। তবে দলীয় সূত্রে খবর, হাসিনা এই বিষয়ে কোনও সিদ্ধান্ত জানাননি এখনও। অনেকেই আশা করছেন আগামী ২৩ জানুয়ারি শুক্রবার, প্রথমবারের মতো শেখ হাসিনাকে ক্যামেরার সামনে দেখা যেতে পারে।
সুত্রের খবর, দিল্লির অনুষ্ঠানটির আয়োজক ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেসক্লাবস। বাংলাদেশের চলতি পরিস্থিতি নিয়ে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। সেখানে উদ্বোধনী ভাষণ দেওয়ার কথা শেখ হাসিনার। আশ্চর্য বিষয়, আমন্ত্রণপত্রে উদ্যোক্তারা হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন। তবে এখনও পর্যন্ত বাংলাদেশ সরকার কোনও প্রতিক্রিয়া দেয়নি।
সূত্রের খবর, শুক্রবারের অনুষ্ঠানে হিউম্যান রাইটস ওয়াচের সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মহম্মদ এ সিদ্দিক, হাসিনা সরকারের সাবেক তিন মন্ত্রী মহম্মদ আলি আরাফাত, একে আব্দুল মোমেন এবং মহিবুল হাসান চৌধুরীর নওফেল ভাষণ দেবেন। অনুষ্ঠানের অন্যতম বক্তা হিসেবে থাকবেন, বাংলাদেশের অভিনেত্রী এবং সমাজকর্মী রোকেয়া প্রাচী এবং ফ্রান্সের কোট দ্য জুর ইউনিভার্সিটি সাম্মানিক ফেলো এবং বাংলাদেশের জগন্নাথ ইউনিভার্সিটির আইন বিভাগের প্রাক্তন ডিন অধ্যাপক এস এম মাসুম বিল্লাহ।
আর কিছুদিন বাদেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। এই নির্বাচনে আওয়ামী লিগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে নির্বাচনের প্রাক্কালে দিল্লির অনুষ্ঠানে শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতির সিদ্ধান্ত ঘিরে কূটনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
