দৈনন্দিন জীবনে বিভিন্ন কারণে আমাদের শরীরের কোনো অংশ পুড়ে যেতে পারে। রান্না করার সময় গরম তেল, ফুটন্ত জল, আগুন, গরম পাত্র, বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা রাসায়নিক পদার্থের সংস্পর্শে এসে এমন দুর্ঘটনা ঘটতে পারে। অসাবধানতাবশত ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে দ্রুত ও সঠিক প্রাথমিক চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। কারণ, পোড়ার পর প্রথম কয়েক মিনিটের সঠিক পদক্ষেপ ক্ষতিগ্রস্ত ব্যক্তির সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পুড়ে গেলে প্রথমে কী করবেন?
১. প্রথমেই আগুনের উৎস থেকে আক্রান্ত ব্যক্তিকে নিরাপদ দূরত্বে সরিয়ে আনুন। পোশাকে আগুন লাগলে দৌড়াদৌড়ি না করে মাটিতে শুয়ে গড়াগড়ি দিন এবং মোটা কাপড় বা কম্বল দিয়ে আগুন ঢেকে দিন।
২. পোড়া স্থানটি যত দ্রুত সম্ভব সাধারণ ঠান্ডা প্রবাহমান জলের নিচে অন্তত ২০ মিনিট রাখুন। এতে ত্বকের তাপমাত্রা কমবে, জ্বালাপোড়া ও ক্ষতির পরিমাণ কমতে সাহায্য করবে। তবে বরফ বা অতিরিক্ত ঠান্ডা জল ব্যবহার করবেন না।
৩. পোড়া স্থানের আশপাশে থাকা আংটি, চুড়ি, ঘড়ি, বেল্ট বা আঁটসাঁট পোশাক সাবধানে খুলে ফেলুন। তবে ত্বকের সঙ্গে লেগে থাকা পোশাক কখনো টানাটানি করে খুলবেন না।
৪. পোড়া স্থান পরিষ্কার ও জীবাণুমুক্ত নন-ফ্লাফি ড্রেসিং অথবা পরিষ্কার কাপড় দিয়ে আলতোভাবে ঢেকে রাখুন।
যেসব কাজ একেবারেই করবেন না
পোড়া স্থানে কখনোই টুথপেস্ট, হলুদ, তেল, ঘি, মাখন, কালি বা অন্য কোনও ঘরোয়া উপাদান লাগাবেন না। এতে সংক্রমণের আশঙ্কা বাড়তে পারে। ফোসকা পড়লে তা কখনো ফাটাবেন না। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও মলম বা ওষুধ ব্যবহার করবেন না।
কখন চিকিৎসকের কাছে যাবেন?
পোড়া অংশের আকার বড় হলে, ত্বক সাদা বা কালো হয়ে গেলে, গভীর ক্ষত তৈরি হলে কিংবা মুখ, চোখ, হাত, পা, যৌনাঙ্গ বা গুরুত্বপূর্ণ অঙ্গের আশপাশ পুড়ে গেলে দ্রুত হাসপাতালে যেতে হবে। শিশু ও বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। বৈদ্যুতিক বা রাসায়নিক পদার্থে পুড়ে গেলেও দ্রুত চিকিৎসা নিতে হবে। শ্বাসকষ্ট, কাশি, গলায় জ্বালা বা ধোঁয়া শ্বাসের সঙ্গে প্রবেশের আশঙ্কা থাকলে জরুরি চিকিৎসা অপরিহার্য।
আগুনে পুড়ে যাওয়ার দুর্ঘটনা সবসময় এড়ানো সম্ভব না হলেও সচেতনতা ও সঠিক প্রাথমিক চিকিৎসার মাধ্যমে ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো যায়। মনে রাখবেন, পোড়ার ক্ষেত্রে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা হলো ঠান্ডা প্রবাহমান জল দিয়ে ক্ষতস্থান ২০ মিনিট ঠান্ডা করা। সময়মতো চিকিৎসা নিন, আতঙ্কিত হবেন না এবং অন্যকেও সচেতন করুন। আপনার সামান্য সচেতনতাই দুর্ঘটনায় আক্রান্ত একজন মানুষের জীবন ও সুস্থতা রক্ষা করতে পারে।