ওঙ্কার ডেস্ক: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানয়াহু ইঙ্গিত দিয়েছেন, খুব শিগগিরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সরাসরি সাক্ষাৎ হতে পারে। সাম্প্রতিক এক টেলিফোন কথোপকথনে দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এই কথোপকথনের পরই কূটনৈতিক মহলে জল্পনা জোরদার হয়েছে যে, নেতানিয়াহুর বহু প্রতীক্ষিত ভারত সফর নতুন করে সময়সূচিতে ফিরতে চলেছে।
সূত্রের খবর, ফোনালাপে দুই নেতাই আলোচনাকে সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ বলে বর্ণনা করেছেন। ভারত ও ইজরায়েলের কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার বিষয়ে মত বিনিময় হয়েছে। প্রতিরক্ষা, প্রযুক্তি, নিরাপত্তা সহযোগিতা এবং সন্ত্রাসবিরোধী যৌথ অবস্থানের বিষয়গুলি আলোচনায় উঠে আসে। পাশাপাশি পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও কথা হয়েছে বলে জানা গিয়েছে।
নেতানিয়াহু জানিয়েছেন, নরেন্দ্র মোদির সঙ্গে শীঘ্রই মুখোমুখি বৈঠকের অপেক্ষায় রয়েছেন এবং সেই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক আরও বিশদে আলোচিত হবে। এর ফলে আগেই স্থগিত হয়ে যাওয়া তাঁর ভারত সফর নতুন করে পুনর্নির্ধারিত হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও সফরের নির্দিষ্ট দিনক্ষণ বা স্থান এখনও সরকারি ভাবে ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে ইজরায়েলি প্রধানমন্ত্রীর ভারত সফর স্থগিত ছিল। তবে সাম্প্রতিক ফোনালাপ ইঙ্গিত দিচ্ছে যে, দুই দেশই সম্পর্কের গতি বজায় রাখতে আগ্রহী। দুই দেশই নিজেদের সন্ত্রাসবিরোধী কর্মকান্ডে নিজদের কঠোর অবস্থান নিয়ে বিশ্বকে এক বার্তা দিয়ে ইচ্ছুক, জানিয়েছে নয়া দিল্লিও। কূটনৈতিক মহলের মতে, এই সম্ভাব্য সাক্ষাৎ ভারত–ইজরায়েল সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে পারে এবং আগামী দিনে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দিশা খুলে দিতে পারে।
