নিজস্ব সংবাদদাতা : শহরের জনপ্রিয় খাবারের ঠিকানা ডেকার্স লেনের একাধিক দোকানে খাদ্য নিরাপত্তা বিভাগের অভিযানে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে শনিবার ডেকার্স লেনের আপনজন ও শর্মা-সহ একাধিক খাবারের দোকানে অভিযান চালান খাদ্য নিরাপত্তা বিভাগের আধিকারিকরা।
অভিযানে বিভিন্ন দোকান থেকে ছত্রাক ধরা মিষ্টি, নষ্ট ও বাসি খাবার এবং অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষিত খাদ্যসামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। খাদ্যদ্রব্যের গুণমান ও সংরক্ষণের পদ্ধতি খতিয়ে দেখছেন আধিকারিকরা। সংগ্রহ করা হয়েছে একাধিক খাবারের নমুনাও। জানা গেছে, ডেকার্স লেনের অধিকাংশ দোকানেই প্যাকেটজাত হলুদ ব্যবহার করা হয় না। ফলে তার মেয়াদ কতদিন তা জানাও সম্ভব নয়। এই ধরণের হলুদ ব্যবহার করা যাবে না বলেই সাফ জানিয়ে দেন আধিকারিকরা।
খাদ্য নিরাপত্তা বিভাগের এই অভিযানের জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া নষ্ট খাবার ও ছত্রাক ধরা মিষ্টি নিয়ে প্রশ্ন উঠেছে দোকানগুলির খাদ্যের মান এবং স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে। অভিযান শেষে সংশ্লিষ্ট দোকান কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

গত কয়েকদিন ধরেই কলকাতা-সহ গোটা বাংলার খাবারের দোকানে হানা দিচ্ছেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। ক্রেতাদের পাতে যে খাবার পড়ছে তার মান খতিয়ে দেখতেই এই অভিযান বলে জানিয়েছে খাদ্য সুরক্ষা বিভাগ। তারই অঙ্গ হিসেবে এদিন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা পৌঁছে যান অফিসপাড়ার প্রিয় ডেকার্স লেনে। সেখানে একের পর এক দোকানে হানা দিয়ে বিস্মৃত আধিকারিকরা। কোথাও দোকানের গুদামে রাখা মিষ্টিতে পাওয়া গেল ছত্রাক। ফেলে দেওয়া হয় গামলা ভরা মিষ্টি। শুধু ডেকার্স লেন নয়, এদিন শহরের জোড়াবাগান, লেক মার্কেটের খাবারের দোকানেও হানা দেয় খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা।