ওঙ্কার ডেস্ক: তিন দিনের ভারত সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার গভীর রাতে মহারাষ্ট্রে অবতরণ করেছেন সস্ত্রীক ফরাসি প্রেসিডেন্ট। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠোক করেছেন ম্যাক্রোঁ। সেই বৈঠকে ভারত ও ফ্রান্সের মধ্যে ২০টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে খবর।
রিপোর্ট অনুসারে, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। ফরাসি দেশে তৈরি করা হবে স্বামী বিবেকানন্দ কালচারাল সেন্টার। মঙ্গলবার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মোদী এবং ম্যাক্রোঁ। ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে গোটা বিশ্ব অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। এই আবহে ভারত-ফ্রান্সের মধ্যে হওয়া এই চুক্তি শান্তি ও স্থিতিশীলতার বার্তা দেবে।’ ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘ভারত ও ফ্রান্স পরস্পরের প্রতি ভরসা রাখে। এই বিশ্বাসের ভিত্তিতেই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে।’
উল্লেখ্য, নয়াদিল্লি ও প্যারিসের মধ্যে ১০ বছরের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি পুনর্নবীকরণ করা হয়েছে। সূত্রের খবর, ভারতীয় সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ও ফরাসি প্রতিষ্ঠান সাফরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যৌথ চুক্তি হয়। সেই চুক্তি অনুসারে, ভারতে হ্যামার মিসাইল তৈরি হবে। এয়ারবাস–টাটা অ্যাডভান্সড সিস্টেমসের যৌথ উদ্যোগে কর্নাটকে এইচ ১২৫ হেলিকপ্টারের ফাইনাল অ্যাসেম্বলি লাইন ভার্চুয়ালি উদ্বোধন করেন মোদী ম্যাক্রোঁ। ভারতের প্রধানমন্ত্রী বলেন, এই হেলিকপ্টার এভারেস্টের উচ্চতায় উড়তে সক্ষম। ভারতে তৈরি এই বিমান আগামী দিনে বিদেশেও রফতানি করা হবে।
