অর্পিতা মুখার্জী, কলকাতা: শুক্রবার রাতের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই শনিবার দুপুরে ফের উত্তপ্ত হয়ে উঠল কালীঘাট। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নতুন করে বচসা শুরু হতেই বাড়ি থেকে বেরিয়ে এলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চেয়ারের উপর দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে তিনি সরাসরি নিশানা করলেন কলকাতা পুলিশের কমিশনার এবং কালীঘাট থানার পুলিশকে।
এদিন দুপুরে কালীঘাটের পটুয়াপাড়ায় কয়েকজন বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ ছিল, রাস্তা দখল করে অভিষেকের জন্মদিন পালন করা হচ্ছে। সাংসদের বাড়ির সামনে রাখা ব্যারিকেড সরিয়ে দেওয়ার দাবিও তোলেন তাঁরা। মমতাপন্থী তৃণমূলের দাবি, ওই বিক্ষোভকারীরা বিজেপির কর্মী। এই বিক্ষোভকে কেন্দ্র করেই ফের উত্তেজনা ছড়ায়।
এর আগেই শুক্রবার রাতের ঘটনার পর অভিষেকের বাড়ির সামনে ১৬৩ ধারা জারি করেছিল পুলিশ। তা সত্ত্বেও শনিবার দুপুরে পরিস্থিতি ফের ঘোরালো হয়ে ওঠে।
বিক্ষোভের মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে আসেন মমতা। প্রথমে তিনি পটুয়াপাড়ার ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, প্রতিমা কিনতে বহু মানুষ এখানে আসেন। ব্যবসায় যাতে কোনও ক্ষতি না হয়, সেদিকে নজর রাখা হবে। তাঁরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন।
এরপর তিনি জানান, যাঁরা অভিষেকের সঙ্গে দেখা করতে আসবেন, তাঁরা রাস্তার বাঁ দিক ধরে যাবেন। ডান দিক গাড়ি চলাচলের জন্য খোলা রাখা হবে। তিনি নিজে সেখানে থাকছেন বলেও জানান। তাঁর বক্তব্য, কেউ অভিষেককে শুভেচ্ছা জানাতে এলে তাঁকে স্বাগত জানানো হবে। কিন্তু কাউকে প্রলোভন দেখিয়ে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নাম না করলেও তাঁর নিশানা যে বিজেপির দিকে, তা স্পষ্ট।
এরপরই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা। কালীঘাট থানার ওসিকে উদ্দেশ করে তিনি বলেন, নিজের বাড়ি, পরিবার এবং থানার দিকে নজর দিতে। কালীঘাট মন্দিরে কোটি কোটি মানুষ যান। সেদিকে খেয়াল রাখতে হবে। তাঁর অভিযোগ, পুলিশ বিজেপির হাতের পুতুল হয়ে কাজ করছে। এর ফলে চেয়ার হারাতে হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের নাম করে মমতা বলেন, আগের কমিশনার বিনীত গোয়েল নৈতিক দায়িত্ব মনে করে ইস্তফা দিয়েছিলেন। অজয় নন্দ তা করেননি। এরপরই তিনি কমিশনারের ইস্তফা দাবি করেন। মমতা আরও বলেন, মাঝরাত থেকে পুলিশ অত্যাচার চালাচ্ছে। তাঁদের কাজে বাধা দেওয়া হলে তিনি আদালতের দ্বারস্থ হবেন। পুলিশের বিরুদ্ধে মামলা করার নির্দেশও দেন তিনি। তাঁর কথায়, মামলা করা হোক যাতে সংশ্লিষ্টদের পদোন্নতি আটকে যায়।
শনিবার সকালেই কালীঘাট থানার ওসি বলাই বাগকে নিশানা করেছিলেন মমতা। দুপুরে ফের একই হুঁশিয়ারি দেন তিনি। তাঁর বক্তব্য, কয়েকটি থানা যা করছে, তা তিনি জানেন। কালীঘাট থানায় নতুন করে যাঁকে আনা হয়েছে, তাঁর ক্ষমতা এবং পদোন্নতির বিষয়েও তাঁর কাছে খবর আছে। তিনি ওসিকে শুভ দীপাবলি জানিয়ে পরিবারের ভালো থাকার কামনা করেন। কিন্তু একই সঙ্গে বলেন, জনরোষের বিস্ফোরণ ঘটলে কী হবে, তা মনে রাখতে হবে।