ওঙ্কার ডেস্ক: মহাবিশ্ব ক্রমশ প্রসারিত হচ্ছে। এমনটাই দাবি করেন বিজ্ঞানীরা। তবে এবার একটি নতুন গবেষণায় দাবি করা হল, ব্রহ্মাণ্ডের এই প্রসারণ অনন্তকাল ধরে চলবে না। একটা সময় পর মহাবিশ্ব ধীরে ধীরে সঙ্কুচিত হতে থাকবে। আর তা হতে হতে একটি বিন্দুতে এসে শেষ হয়ে যাবে ব্রহ্মাণ্ড।
মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়, চিনের সংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়-সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের গবেষকরা সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন, তাতে বলা হয়েছে, ব্রহ্মাণ্ডের বর্তমান বয়স ১.৩৮ হাজার কোটি বছর। বিজ্ঞানীদের দাবি, এর মোট আয়ু ৩.৩৩ হাজার কোটি বছর। অর্থাৎ বিজ্ঞানীদের দাবি অনুসারে ব্রহ্মাণ্ডের আর আয়ু আছে প্রায় দু’হাজার কোটি বছর। নতুন গবেষণায় বলা হয়েছে, বাকি থাকা এই দু হাজার কোটি বছরের মধ্যে মহাবিশ্বের সম্প্রসারণ ঘটবে আরও ৭০০ কোটি বছর। তার পরের বাকি ১.৩ হাজার কোটি বছর ধরে চলবে মহাবিশ্বের সঙ্কোচন। আর এই সঙ্কোচন গিয়ে শেষ হবে একটি বিন্দুতে।
তবে গবেষকরা এই নয়া তথ্য দেওয়ার পাশাপাশি দাবি করেছেন, তাঁদের এই তত্ত্ব ভুলও হতে পারে। কারণ পর্যাপ্ত তথ্য এখনও তাঁরা পাননি। তাই বহু ক্ষেত্রে কল্পনা করে নেওয়া হয়েছে ব্রহ্মাণ্ডের পরিণতি বিষয়ে। সম্পূর্ণ নিশ্চিত হতে এ বিষয়ে আরও গবেষণা এবং পর্যবেক্ষণ প্রয়োজন বলে জানিয়েছেন তাঁরা। তবে যে বিজ্ঞানীরা দাবি করেছেন, অনন্তকাল ধরে ব্রহ্মাণ্ড প্রসারিত হবে, তাঁদের দাবিও সত্য প্রমাণিত হতে পারে বলেও মত এই গবেষকদের।
