ওঙ্কার ডেস্ক: আবার গণধর্ষণ। এ বার বিজেপি শাসিত ওড়িশায় এক তরুণীকে চলন্ত গাড়িতে গণধর্ষণ করে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ সামনে এলো। শুক্রবার সন্ধ্যায় ওড়িশার ময়ূরভঞ্জ জেলার উদালা থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় উদালা পুলিশ এলাকায় রাজ্য মহাসড়কে একটি যাত্রীবাহী গাড়িতে ছয় জন মিলে ২১ বছর বয়সী ওই তরুণীকে গণধর্ষণ করে। পুলিশের কাছে দায়ের করা অভিযোগ অনুসারে, ঘটনাটি সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে উদালা-বালাসোর রাস্তায় ঘটে। শরৎ এলাকার অভিযুক্তরা চলন্ত গাড়িতে নির্যাতিতাকে ধর্ষণ করে তাঁকে রাস্তায় ফেলে রেখে চলে যায়।
নির্যাতিতার মায়ের তরফে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, তাঁর মেয়ের সঙ্গে পরিচয় ছিল দুই অভিযুক্তের। চলতি বছরের শুরুতে বাঙ্গিরিপোসিতে মকর উৎসবের সময় দুই অভিযুক্তের সঙ্গে আলাপ হয়। দু’জন ওই তরুণীর সঙ্গে ফোন নম্বর বিনিময় করে। পরে একটি বেসরকারি সংস্থায় ওই তরুণীর চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তাদের কথায় বিশ্বাস করে, নির্যাতিতার মা তাঁকে তাদের সঙ্গে যাওয়ার অনুমতি দেন। শুক্রবার, ওই দুই জন, আরও চার জনকে সঙ্গে নিয়ে, ২১ বছর বয়সী ওই তরুণীর বাড়িতে যান। তাঁকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরোন তারা। গাড়িটি যখন কাপ্তিপাড়া চক থেকে বালাসোরের দিকে যাচ্ছিল, তখন বাঙ্গিরিপোসি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে চলন্ত গাড়ির মধ্যে তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতা সাহায্যের জন্য চিৎকার করলে অভিযুক্তরা তাঁকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
ঘটনার পর নির্যাতিতা তাঁর মাকে গোটা বিষয়টি জানান। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে তিনি মেয়েকে উদ্ধার করে নিয়ে বাড়িতে যান। পরে, তিনি বাঙ্গিরিপোসি থানায় অভিযোগ দায়ের করতে যান। এফআইআরের ভিত্তিতে, বাঙ্গিরিপোসির পুলিশ শনিবার ভোরে শরৎ থেকে দুই সন্দেহভাজনকে আটক করেন এবং পরে তাদের উদালা থানায় নিয়ে যান। ইতিমধ্যে, উদালা থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। উদালার এসডিপিও হৃষিকেশ নায়ক জানিয়েছেন, আরও চার জন পলাতক। পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে এবং তদন্ত চলছে।
