ওঙ্কার ডেস্ক: স্কুল থেকে বাড়ি ফিরছিলেন, সেই যাত্রাপথে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠল রাজস্থানের বিকানেরে। ঘটনাটি গত ৬ জানুয়ারি ঘটলেও সোমবার পুলিশের তরফে জানানো হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে রবিবার অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৬ জানুয়ারি নির্যাতিতা স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তায় তাঁকে আটকান দুই যুবক। অভিযোগ, এর পরেই আচমকা ওই তরুণীকে গাড়িতে তুলে নেয় অভিযুক্তরা। তাঁকে নিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। বিকানের নাপাসার এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগে নির্যাতিতা জানিয়েছেন, যাতে চিৎকার করতে না পারেন তিনি, সে কারণে অভিযুক্তরা তাঁর মুখ চেপে ধরে গাড়িতে তোলেন। কয়েক ঘণ্টা ধরে সেই চলন্ত গাড়ির মধ্যেই অভিযুক্তরা তাঁকে ধর্ষণ করেন। গাড়িটি যখন একটি এলাকায় ঢুকে পড়ে সেই সময় স্থানীয়দের সন্দেহ হওয়ায় সেটি দাঁড় করায়। তখনই কোনও রকমে চিৎকার করে বাইরে বেরিয়ে আসেন নির্যাতিতা। গণধোলাই খাওয়ার ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্তেরা।
গোটা ঘটনার কথা জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে নাপাসার থানায়। এক পুলিশকর্তা বিষয়টি নিয়ে বলেন, নির্যাতিতার বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। ১৮ বছরের বেশি তাঁর বয়স। তবে অভিযুক্তদের বয়স সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। কাউকে এখনও গ্রেফতার করা না হলেও গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
