পশ্চিম মেদিনীপুর: বিশ্ব উষ্ণায়নের ফলে দিনের পর দিন আবহাওয়ার তারতম্যের সৃষ্টি হচ্ছে। যার ফলে ভারসাম্য নষ্ট হচ্ছে পরিবেশের। পরিবেশকে বাঁচাতে ‘গঙ্গা মিশন’-এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল গঙ্গা হরিৎ অভিযান ও কাঁসাই নদীর পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি।

রবিবার মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ১১ টি স্কুলের শিক্ষকদের হাতে তুলে দেওয়া হল বিভিন্ন ধরণের ফলের গাছ। পাশাপাশি মেদিনীপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের শিশু সমাধি ক্ষেত্রে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হল।

উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, গঙ্গা মিশন-এর ন্যাশনাল প্রেসিডেন্ট প্রহ্লাদ রাই গোয়েঙ্কা ও বিশিষ্ট সমাজ সেবীগণ। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেন, “এই ধরণের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমাদের পৌরসভার অন্তর্গত বেশ কয়েকটি স্কুলকে চারা গাছ প্রদান করা হয়েছে।

পাশাপাশি আগামী দিনে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পাখি ও পাখির বাসা প্রদান করা হবে। এ ধরনের কর্মসূচি মেদিনীপুরে হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত আগামী দিনে উনাদেরকে যে কোনো ধরনের প্রকল্প রূপায়নে মেদিনীপুর পৌরসভা সহায়তা করবে”।
