ওঙ্কার ডেস্কঃ বাংলার রাজ্যপালকে খুনের হুমকি। ইমেল বার্তায় এসেছে হুমকি। সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে লোকভবনের আধিকারিকদের ইনবক্সে একটি মেসেজ আসে। তাতে স্পষ্ট লেখা, রাজ্যপালকে “উড়িয়ে দেওয়া হবে”। রাতেই নড়েচড়ে বসেন দায়িত্বপ্রাপ্ত কর্তারা। রাজ্যপালের নিরাপত্তা খতিয়ে দেখার পাশাপাশি শুরু হয় তদন্তও। জরুরি বৈঠক ডাকা হয়। বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হয়েছে।
রাজ্যপালকে লক্ষ্য করে এর আগেও বেশ কয়েকবার হুমকি এসেছে বলে জানিয়েছন লোকভবনের কর্তারা। এই হুমকি মেলের মধ্যেই রাজ্যপাল জানিয়েছেন, শুক্রবার তিনি নিরাপত্তারক্ষী ছাড়াই রাস্তায় নামবেন। তাঁর কথায়, “বাংলার মানুষই আমাকে রক্ষা করবেন।”
ইডির তল্লাশি ও মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া ঘিরে সমালোচনার সুর চড়িয়েছেন রাজ্যপালও। তাঁর কথায়, “সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়া অপরাধ। তাঁকে হুমকি দিয়ে বা আইনি পদক্ষেপের ভয় দেখিয়ে বিরত করা আরও গুরুতর অপরাধ। সংবিধানিক কর্তৃপক্ষ যদি সংবিধানের বাইরে যান, তা অত্যন্ত বিপজ্জনক।”
প্রসঙ্গত, আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি হানার প্রতিবাদে যে সময় পথে নামার কথা মুখ্যমন্ত্রীর, সম্ভবত সেই সময়ই বেরবেন রাজ্যপালও।
