ওঙ্কার ডেস্ক: গ্রিনল্যান্ডকে ফের এক বার নিজেদের বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। সমাজ মাধ্যমে ট্রাম্প একটি ছবি ভাগ করে নিয়েছেন, যেখানে তিনি গ্রিনল্যান্ডকে মার্কিন ভূখণ্ড বলে দাবি করেছেন।
ট্রুথ সোশ্যালে পোস্ট করা মার্কিন প্রেসিডেন্টের ওই ছবিতে দেখা গিয়েছে, ডোনাল্ড ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও গ্রিনল্যান্ডের ভূখণ্ডে দাঁড়িয়ে মার্কিন পতাকা উত্তোলন করছেন। সেই ছবির পাশে একটি বোর্ডে লেখা ‘গ্রিনল্যান্ড – ইউএস টেরিটরি, ইএসটি ২০২৬’। এদিন ট্রাম্প আরও একটি বিতর্কিত ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে ওভাল অফিসে ট্রাম্পের সামনে বসে রয়েছেন ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের একাধিক শীর্ষ নেতা। সেখানে দেখা যাচ্ছে একটি মানচিত্র। যাতে দেখা যাচ্ছে গ্রিনল্যান্ড, কানাডা এবং ভেনেজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ড। এই ছবি ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।
সমাজ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন ন্যাটো-র সাধারণ সম্পাদক মার্ক রুটের সঙ্গে তাঁর ভাল কথোপকথন হয়েছে। আলোচনায় উঠে এসেছে গ্রিনল্যান্ড প্রসঙ্গ। গ্রিনল্যান্ড জাতীয় এবং বিশ্ব নিরাপত্তার জন্য অপরিহার্য বলে দাবি করেন ট্রাম্প। ট্রাম্প যখন গ্রিনল্যান্ডকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করছেন সেই আবহে ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তারা জানিয়েছে, গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে এবং ডেনমার্কের অধিকার নিয়ে কোনও আপস করা হবে না।
