ওঙ্কার ডেস্কঃ ইরানে ক্ষোভের আগুন। আমেরিকার মানবাধিকার সংগঠনের সংবাদসংস্থা দাবি করেছে, ইরানের বিক্ষোভে মৃতের সংখ্যা ৩,০৯০। তাঁদের মধ্যে ২,৮৮৫ জন বিক্ষোভকারী এবং বাকিরা সাধারণ মানুষ। কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন আলাদা কথা। চিকিৎসকেরা দাবি করছেন, মৃতের সংখ্যা অন্তত ১৬ হাজার। অধিকাংশের বয়স ৩০ বছরের নীচে এবং গুলিবিদ্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। বহু প্রতিবাদীর মাথায় গুলি করা হয়েছে বলেও রিপোর্টে দাবি করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য টাইমস ইরানের প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, ইরানে মৃতের সংখ্যা ১৬ হাজারের বেশি। আহত প্রায় তিন লক্ষ মানুষ। ইরান সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। তবে আমেরিকা প্রেসিডেন্টের ইচ্ছায় সেখানে বিনামূল্যে নেট পরিষেবা দিচ্ছে ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক।
ইরানের এক চিকিৎসকের বক্তব্য, সরকারি দমননীতির কারণে সাড়ে ১৬ হাজার থেকে ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে শিশু, অন্তঃসত্ত্বা মহিলারাও রয়েছেন। ৭০০ থেকে ১০০০ মানুষ চোখ হারিয়েছেন। তেহরানের একটি হাসপাতালেই চোখে ক্ষত নিয়ে চিকিৎসার জন্য গিয়েছেন অন্তত সাত হাজার মানুষ। এ ছাড়া, রক্তের অভাবেও অনেকের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়েছে। প্রাথমিক ভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানুষ পথে নামলেও ক্রমে তা ধর্মীয় শাসনের বিরুদ্ধে সর্বাত্মক বিদ্রোহের আকার নেয়। সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইকে ক্ষমতাচ্যুত করতে বিক্ষোভ দেখান হাজারো মানুষ। আমেরিকা এই গণবিক্ষোভকে সমর্থন করেছিল। কিন্তু বিদ্রোহীদের দমাতে ইরান সরকার কঠোর পদক্ষেপ করে।
