ওঙ্কার ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল ককরোচ জনতা পার্টি। দলের আহ্বায়ক অভিজিৎ দীপকে জানিয়েছেন, আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করবেন তাঁরা। শুক্রবার, ২ অক্টোবর দিল্লি ও মুম্বইয়ে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছিল। ওই কর্মসূচির পর শুক্রবার রাতেই নতুন কর্মসূচির কথা জানান অভিজিৎ।
সমাজমাধ্যমে দেওয়া পোস্টে তিনি ‘দিল্লি চলো’র ডাক দিয়েছেন। তাঁর বক্তব্য, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলের কর্মী-সমর্থকেরা দিল্লিতে যাবেন। অভিজিতের ঘোষণা অনুযায়ী, ১০ অক্টোবর বিক্ষোভ কর্মসূচি হবে। পুলিশ বাধা দিলে যে জায়গায় তাঁদের আটকানো হবে, সেখানেই আন্দোলন করা হবে। ককরোচ নেতা জানান, কর্মসূচি শান্তিপূর্ণ থাকবে। মহাত্মা গান্ধীর দেখানো পথেই আন্দোলন চালানোর কথাও জানিয়েছেন দীপকে।
অভিজিতের বক্তব্য, এটি গণতন্ত্র রক্ষার লড়াই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান এমন নাগরিকদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। এর আগে ২ অক্টোবর ককরোচ জনতা পার্টি বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে যৌথভাবে দিল্লি ও মুম্বইয়ে বিক্ষোভ কর্মসূচি নেয়। নয়াদিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে জমায়েত হয়েছিল আন্দোলনকারীরা। দিল্লির কর্মসূচিতে অন্তত ১১০০ জনকে আটক করা হয় বলে জানা গিয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশী। তাঁকে যন্তর মন্তর এলাকা থেকে পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ। আটক হওয়া ব্যক্তিদের তালিকায় সিপিএম পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাটের নামও রয়েছে। ছিলেন আইসা নেত্রী নেহা বোরা এবং আপ সাংসদ সঞ্জয় সিং-সহ দলের আরও কয়েকজন নেতা।