ওঙ্কার ডেস্ক: দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একনায়কতন্ত্র চালিয়েছেন কমিশনে, এমন অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ, বাকি দুই নির্বাচন কমিশনারকে অন্ধকারে রেখে তিনি একাধিক সিদ্ধান্ত নিয়েছেন। আর এই আবহে জ্ঞানেশকে তোপ দাগলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
মুখ্য নির্বাচন কমিশনারকে কটাক্ষ করে দীপকে বলেন, ‘জ্ঞানেশ, আপনার খেলা শেষ হয়ে গিয়েছে।’ শুধু তাই নয়, এ নিয়ে ফের নতুন করে বিক্ষোভের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। উল্লেখ্য বুধবার ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ একটি রিপোর্ট প্রকাশিত হয়। যেখানে দাবি করা হয়, অপর দুই কমিশনারের বক্তব্য উপেক্ষা করে একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার। গত ১০ মাসে বিভিন্ন বিষয়ে অন্তত ১৪ বার কমিশনের বিভিন্ন সিদ্ধান্তের লিখিত আপত্তি জানিয়েছিল দুই নির্বাচন কমিশনার। এসআইআর-এ ভোটার তালিকায় নতুন নাম সংযোজন, নাম বাদ দেওয়ার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশীর মতকে গুরুত্ব দেওয়া হয়নি।
এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর বিরোধীরা সরব হয়েছে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারের গ্রেফতারের দাবি জানিয়েছেন। একই দাবি করেছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালও। যদিও বিতর্কের মধ্যে কমিশন জানিয়েছে, ‘কমিশন গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করে। কোনও বিষয়ে সদস্যদের মধ্যে ভিন্ন মত থাকা অস্বাভাবিক নয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এই ধরনের আলোচনা ও মতবিনিময় হয়। কমিশনের ৩ সদস্যের পাশাপাশি অন্য আধিকারিকরাও নিজেদের মতামত স্বাধীনভাবে জানাতে পারেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয় ঐক্যবদ্ধভাবেই।’