ওঙ্কার ডেস্ক: ফের একসঙ্গে বসতে চলেছেন বিরোধী জোটের শীর্ষ নেতারা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে আলোচনা হবে। পাশাপাশি ভোটচুরি ইস্যুতেও পরবর্তী কর্মসূচি ঠিক হতে পারে বলে সূত্রের দাবি।
সূত্রের খবর, আগামী ৩০ সেপ্টেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসতে পারেন ইন্ডিয়া জোটের নেতারা। এই বৈঠকে বিরোধী ঐক্য আরও মজবুত করার বিষয়টিও আলোচনায় আসতে পারে। ভোটচুরি ইস্যুতে বৃহত্তর বিরোধী ঐক্য গড়ার উদ্যোগ নিয়েছে কংগ্রেস। তবে সূত্রের দাবি, বিরোধীদের এক ছাতার তলায় আনার ক্ষেত্রে ফের উদ্যোগী হয়েছেন তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে রাহুল গান্ধী, অখিলেশ যাদব-সহ একাধিক বিরোধী নেতার সঙ্গে মমতার কথা হয়েছে বলে সূত্রের খবর। রাহুলকে দ্রুত দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকার অনুরোধও করেছেন তিনি।
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। একই সঙ্গে আগামী দিনের রাজনৈতিক রণকৌশল নিয়েও কথা হবে। এর আগে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একবার ইমপিচমেন্ট প্রস্তাব আনার উদ্যোগ নিয়েছিল বিরোধীরা। তবে সেই প্রস্তাব খারিজ হয়ে যায়। সেবার উদ্যোগ নিয়েছিল তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের তরফে তেমন আগ্রহ ছিল না বলে দাবি। সূত্রের খবর, এবার কংগ্রেস নিজেই ইমপিচমেন্টের বিষয়ে উদ্যোগী হয়েছে। তবে জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর জন্য প্রয়োজনীয় সংখ্যক সাংসদ বিরোধীদের হাতে নেই।