ওঙ্কার ডেস্ক: বিজেপি সরকারের বিরুদ্ধে শনিবার বিকেলে হুগলির শ্রীরামপুরে জনসভা করার কথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সভায় যোগ দিতে যাওয়ার পথে বিধায়ক কুণাল ঘোষের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। উত্তরপাড়ায় তাঁর গাড়ি আটকে ভাঙচুর করা হয়েছে বলে দাবি মমতাপন্থী তৃণমূল নেতার।
শনিবার কুণাল ঘোষ অভিযোগ করেন, তাঁর গাড়িতে পাথর, রড ছোড়া হয়েছে। এমনকি ডিম নিয়ে হামলা করা হয়েছে। কুণাল জানিয়েছেন, মমতার সভায় যাতে যেতে না পারেন, তাই এ সব করা হয়েছে। তাঁর হুঁশিয়ারি, এ সব করে থামানো যাবে না। গাড়ি ঘুরিয়ে তিনি যাবেন ভবানী ভবনে। সেখানে গিয়ে পুলিশকে দেখাবেন ‘গুন্ডারাজ কেমন চলছে’।
উল্লেখ্য শ্রীরামপুরে শনিবার বিকেলে জনসভা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় যোগ দিতে যাচ্ছিলেন কুণাল। অভিযোগ, উত্তরপাড়া সখের বাজারে বিধায়কের গাড়ি আটকে দাঁড়িয়ে পড়েন কয়েক জন। এর পরে ধারাবাহিক ভাবে পাথর, ডিম ছুড়তে থাকেন। লোহার রড দিয়ে আঘাত করতে থাকেন গাড়িতে। কুণাল জানান, তাঁর গাড়ির সামনের কাচ ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। চালকের পাশে বসে থাকায় পাথরের আঘাত পেয়েছেন তিনি। শরীর কাচে ভর্তি হয়ে গিয়েছে বলে দাবি করেন তিনি।