স্পোর্টস রিপোর্টার : ঘোষণা হল আইএসএলের প্রাথমিক পর্বের সূচি। ১০ অক্টোবর শুরু হবে দেশের একনম্বর লিগ। আইএসএলের প্রথম ডার্বি ২৯ নভেম্বর। ফিরতি ডার্বির তারিখ ঘোষণা করা হয়নি। সাধারণত উদ্বোধনী ম্যাচে নামে আইএসএল জয়ী দল। কিন্তু এবার প্রথম ম্যাচ খেলবে না ইস্টবেঙ্গল। ১০ অক্টোবর ইডেনে মহালয়কে কেন্দ্র করে বিশাল কর্মকাণ্ড রয়েছে। কলকাতায় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও থাকবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। তাই আইএসএলের উদ্বোধন কলকাতায় রাখা হয়নি।
১০ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বেঙ্গালুরু এফসি এবং এসসি দিল্লি। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে খেলা শুরু বিকেল পাঁচটায়। একইদিন সন্ধে সাড়ে সাতটায় মুখোমুখি এফসি গোয়া এবং চেন্নাইন এফসি। ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবে না ইস্ট-মোহন। ১৭ অক্টোবর থেকে কলকাতায় পুজো। তাই প্রথম দু’সপ্তাহে দুই প্রধানের কোনও হোম ম্যাচ রাখা হয়নি। ১২ অক্টোবর মোহনবাগানের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। খেলা গুয়াহাটিতে। সন্ধে সাড়ে সাতটায় ম্যাচ।ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ১৮ অক্টোবর গোয়ায় চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে। খেলা বিকেল পাঁচটায়। এএফসি চ্যাম্পিয়ন লিগ টু খেলছে ইস্টবেঙ্গল। তাই লাল হলুদের প্রথম ম্যাচ আইএসএলের দ্বিতীয় সপ্তাহে রাখা হয়েছে।
মোহনবাগানের প্রথম হোম ম্যাচ ২৬ অক্টোবর চেন্নাইন এফসির বিরুদ্ধে। যুবভারতীতে খেলা শুরু সন্ধে সাড়ে সাতটায়। ইস্টবেঙ্গলের ঘরের মাঠে প্রথম ম্যাচ ২০ নভেম্বর এসসি দিল্লির বিরুদ্ধে। যুবভারতীতে খেলা শুরু বিকেল পাঁচটায়। ২৯ নভেম্বর আইএসএলের প্রথম ডার্বি। যুবভারতীতে ম্যাচ সন্ধে সাড়ে সাতটায়। ফিরতি ডার্বির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। ১৭ জানুয়ারি, আইএসএলের প্রথম ১৪ সপ্তাহ পর্যন্ত সূচি ঘোষণা করা হয়েছে। বাকি সূচি এখনও ঘোষণা করা হয়নি। মে পর্যন্ত চলবে আইএসএল। এবারের মরসুমে মণিপুরেও হবে আইএসএলের ম্যাচ। ২৪ নভেম্বর ইম্ফলের খুমান লাম্পাক স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেড এফসি খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। নভেম্বরের দুই সপ্তাহের আন্তর্জাতিক বিরতির পর হবে ম্যাচটি। ২০২৬-২৭ মরসুমে মোট ১৩টি দল অংশ নিচ্ছে। নতুন ক্লাব-চালিত ব্যবস্থায় হোম-অ্যাওয়ে ফরম্যাটে ম্যাচ হবে এবং প্লে-অফ ফরম্যাটও ফিরছে।