স্পোর্টস ডেস্ক : পানামার বিরুদ্ধে অভিষেক ম্যাচেই গোল পান রায়ান উইলিয়ামস। অস্ট্রেলিয়ায় জন্ম হলেও, বর্তমানে ভারতীয় দলের সদস্য। ভারতের জার্সিতে তিন ম্যাচে জোড়া গোল করে ফেলেছেন। কিন্তু পানামার বিরুদ্ধে গোল স্পেশাল। যেকোনও স্ট্রাইকার প্রত্যেক ম্যাচে গোল করতে চায়। প্রতিপক্ষ যেই হোক না কেন। তবে আড়াই মাস আগে বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে ড্র! রায়ান উইলিয়ামস। জানান, তিনি নিজেও কিছুটা অবাক। তবে স্পষ্ট জানান, রক্ষণাত্মক ফুটবল খেলতে চাননি। বিপক্ষকে সমস্যায় ফেলতে চেয়েছিলেন। সেই লক্ষ্যে সফল।
উইলিয়ামস বলেন, ‘আমি কিছুটা অবাক। আমরা ব্যাকফুটে থাকতে চাইনি। ম্যাচে নেমে পিছিয়ে পড়তে চাইনি। আমরা প্রতিপক্ষকে সমস্যায় ফেলতে চেয়েছিলাম। আমরা একসঙ্গে লড়াই করেছি। সংঘবদ্ধ হয়ে খেলেছি।আমরা এদিন ওল্ড স্কুল ফুটবল খেলেছি। পানামার গোলকিপার আমাকে সাইডে অনেক বেশি জায়গা দিয়ে দিয়েছিল। আমার জন্য গোলটা ওপেন করে দেয়। আমাকে নিজের স্নায়ু ধরে রেখে, ঠান্ডা মাথায় গোলে ঠেলতে হত। সেটাই আমি করেছি।’ আত্মবিশ্বাসী ফুটবল খেলে গোটা দল। তারই ফল মিলেছে। সামনে ব্রাজিলের চ্যালেঞ্জ। একই ছন্দ ধরে রাখতে চান উইলিয়ামস। মেনে নিলেন এদিনের জয়, সেলেকাওদের বিরুদ্ধে নামার আগে মনোবল বাড়াবে।
উইলিয়ামস আরও বলেন, ‘১০০ শতাংশ আমাদের আত্মবিশ্বাস বাড়বে। এই নিয়ে কোনও দ্বিমত নেই। আমাদের প্রত্যেক ম্যাচে এমন খেলতে হবে। প্রত্যেক ফুটবলারকে সাহসী ফুটবল খেলতে হবে। বিশেষ করে যখন বল আমাদের পায়ে থাকবে। এদিন আমরা সবাই ভাল খেলেছি। এটাই চালিয়ে যেতে হবে।’