ওঙ্কার ডেস্ক: দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কন্যা তথা নয়ডার জেলাশাসক মেধা রূপমের মামলা নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন উঠল। রস্টার মেনে মামলাটি তালিকাভুক্ত করা হয়নি বলে অভিযোগ। নির্দিষ্ট একটি বেঞ্চেই কেন মামলাটি পাঠানো হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে আইনজীবীদের সংগঠন ‘লইয়ার্স অ্যাসোসিয়েশন ফর কনস্টিটিউশন’।
ইতিমধ্যে অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে চিঠি দিয়েছে সংগঠনটি। বুধবার মেধার মামলার শুনানির সময় আরও একটি বিষয় নিয়েও আপত্তি জানানো হয়েছে। অভিযোগ, ভিডিয়ো কনফারেন্সের অডিয়ো মিউট রাখা হয়েছিল।সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৩ জুলাই থেকে সুপ্রিম কোর্টে নতুন রস্টার কার্যকর রয়েছে। সেই রস্টার অনুযায়ী, হেবিয়াস কর্পাস এবং সতর্কতামূলক আটক সংক্রান্ত মামলা প্রথম চারটি বেঞ্চে যাওয়ার কথা। এই চার বেঞ্চের নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি এমএম সুন্দরেশ। এখানেই প্রশ্ন তুলেছে আইনজীবী সংগঠনটি।
নয়ডার শ্রমিক বিক্ষোভ সংক্রান্ত অন্য মামলাগুলি বিচারপতি বিভি নাগরত্নের বেঞ্চে রয়েছে। সেই পরিস্থিতিতে এলাহাবাদ হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করা মেধা এবং উত্তরপ্রদেশ সরকারের দু’টি মামলা বিচারপতি সতীশচন্দ্র শর্মা ও বিচারপতি এন কোটিশ্বর সিংহের বেঞ্চে গেল কী ভাবে, সেই প্রশ্নই তাঁরা তুলেছেন।
এদিকে মেধার বিরুদ্ধে এলাহাবাদ হাই কোর্টের রায় নিয়ে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশেও পরিবর্তন এসেছে। বুধবারের নির্দেশ বৃহস্পতিবার সংশোধন করেছে শীর্ষ আদালত।