নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যে শিল্পে গতি ফেরাতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। শিল্পতালুকে ৩৩টি সংস্থাকে জমি বণ্টন হতেই শুরু নির্মাণ কাজ। এর মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগ ফলতায়।
সূত্রের খবর, ফলতায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ৬৩ একর জমি বরাদ্দ পেয়েছে টিটাগড় নেভাল সিস্টেম লিমিটেড। সেখানে জাহাজ ও বিভিন্ন ধরনের ভেসেল তৈরির কারখানা গড়ে উঠবে বলে জানা যাচ্ছে। ফলে এই প্রকল্প ঘিরে হাজার হাজার কর্মসংস্থানের আশা দেখছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই বরাদ্দ জমি ঘেরার কাজ শুরু হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী ২৬ তারিখের মধ্যেই নির্মাণ কাজ শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। নতুন শিল্পের ক্ষেত্রে কোনও রকম তোলাবাজি বা বেআইনি চাপের অভিযোগ থাকলে তা জানানোর জন্য একটি টোল-ফ্রি নম্বরও চালু করা হয়েছে।
তবে নতুন বিনিয়োগের পাশাপাশি অতীতের অভিজ্ঞতার কথাও মনে করাচ্ছেন ফলতার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, গত ১৫ বছরে ফলতা SEZ-এ একাধিক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। ফলে কর্মহীন হয়েছেন বহু শ্রমিক। নতুন কারখানার পাশাপাশি বন্ধ কারখানাগুলি পুনরায় চালুর দাবিও জানিয়েছেন তাঁরা। স্থানীয়দের আশা, এই নতুন জাহাজ কারখানা চালু হলে শুধু কর্মসংস্থানই নয়, ফলতা শিল্পাঞ্চলের সামগ্রিক অর্থনীতিতেও নতুন গতি আসবে।