ওঙ্কার ডেস্ক: গুজরাট উপকূলে বড়সড় মাদক পাচারের চেষ্টা বানচাল করল উপকূলরক্ষী বাহিনী। একটি ইরানি নৌকা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। ঘটনায় পাঁচ পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৩ হাজার কোটি টাকা। উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, আরব সাগর দিয়ে ইরানি নৌকায় করে গুজরাট উপকূলে মাদক পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল ধৃতঅদের।
সূত্রের খবর, গুজরাট উপকূলের কাছে একটি ইরানি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হয়। এরপর সেটির উপর নজরদারি শুরু করে উপকূলরক্ষী বাহিনী। বাহিনীকে দেখে নৌকাটি পালানোর চেষ্টা করে বলে জানা গিয়েছে। পরে সেটিকে ধাওয়া করে আটক করা হয়। নৌকায় তল্লাশি চালিয়ে ৫২৬ কেজি হেরোইন এবং মেথামফেটামাইন উদ্ধার হয়। নৌকায় থাকা পাঁচজনকেও গ্রেফতার করা হয়। তাঁরা প্রত্যেকেই পাকিস্তানের নাগরিক বলে জানা গিয়েছে।
গুজরাট ওটিএসের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, গুজরাট উপকূল দিয়ে মাদক পাচারের একটি পরিকল্পনার খবর আগে থেকেই ছিল। সেই গোপন তথ্যের ভিত্তিতেই অভিযান চালায় উপকূলরক্ষী বাহিনী। অভিযানের সময় নজরে আসে সন্দেহজনক ইরানি নৌকাটি। সেটি আটক করার পর বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়। একই সঙ্গে পাঁচ পাকিস্তানি নাগরিককে হেফাজতে নেওয়া হয়।
সমুদ্রপথে মাদক পাচার ও অন্যান্য চোরাচালান রুখতে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জলপথে টহলের পাশাপাশি হেলিকপ্টারের মাধ্যমেও নজর রাখা হচ্ছে। এর আগে মে মাসেও গুজরাট উপকূল থেকে বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করেছিল উপকূলরক্ষী বাহিনী।