ওঙ্কার ডেস্ক : ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি হরিয়ানার রোহতক থেকে বিলাসপুরের কাছে ঘুমারউইন যাচ্ছিল। অন্ধকারে হঠাৎ নেমে আসে ধস। ভারী বৃষ্টিপাতের কারণে পুরো পাহাড়টি বাসের উপর আছড়ে পড়ে। আস্ত একটা যাত্রী বোঝাই বাস চাপা পড়ে ধসে পড়া পাহাড়ের নিচে। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায়। ধসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে অন্তত ১৮ জনের। ৩ জনকে উদ্ধার করা গেছে। বাসটিতে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজ চলছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে, “হিমাচল প্রদেশের বিলাসপুরে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুও দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রশাসনকে উদ্ধারের কাজে নামার নির্দেশ দিয়েছেন। সুখু X-এর একটি পোস্টে তিনি লিখেছেন, “এই বিশাল ভূমিধসে, একটি বেসরকারি বাস আটকে পড়ার পর ১০ জনের প্রাণহানির মর্মান্তিক খবর এসেছে, এবং আশঙ্কা করা হচ্ছে যে আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে থাকতে পারেন।” তিনি আরও বলেন, “যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চলছে। প্রশাসনকে তাদের সম্পূর্ণ যন্ত্রপাতি মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে।” ঘটনার আপডেট পেতে তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে চলছেন।
ঘটনাস্থলে জেসিবি মেশিন দিয়ে ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। যাঁরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন তাঁদের দ্রুত উদ্ধারের কাজ চলছে। পুলিশের অনুমান, পুরো পাহাড়টি বাসের উপর ভেঙে পড়ায় যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম।
দুর্ঘটনাটি ঘটেছে ঝন্ডুত্তা বিধানসভার ভালুঘাটের ভালু সেতুর কাছে। ঝাণ্ডুত্তার বিধায়ক জিৎ রাম কাটওয়াল নিজে দাঁড়িয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। জানা গেছে, তিন শিশুকে উদ্ধার করে বিলাসপুরের কাছে বার্থিনের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, “জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) উদ্ধারের কাজ চালাচ্ছে। শাহ X-এর একটি পোস্টে লিখেছেন, “হিমাচল প্রদেশের বিলাসপুরে ভূমিধসের কারণে বাস দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এনডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। এই দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমি সমবেদনা জানাই। একই সঙ্গে, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। X-এর একটি পোস্টে তিনি বলেছেন, “হিমাচল প্রদেশের বিলাসপুরে ভূমিধসের ফলে বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। আমি তাদের প্রিয়জনদের হারিয়ে যাওয়া পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”
