ওঙ্কার ডেস্ক : মহারাষ্ট্রের স্কুলে হিন্দি ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়ে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটাল রাজ্য সরকার। রবিবার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে হিন্দি বাধ্যতামূলক করার নির্দেশিকা পুরোপুরি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় মহারাষ্ট্র সরকার। জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুসারে চলতি বছরের এপ্রিলে মরাঠি ও ইংরেজি মাধ্যম স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করা হয়েছিল। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা শুরু হতেই প্রথমে তা স্থগিত রাখা হয়, আর এবার তা বাতিল করা হল।
বৈঠকের পর মুখ্যমন্ত্রী ফড়নবিস জানান, ভাষানীতি ঠিক কীভাবে বাস্তবায়িত হবে, তা খতিয়ে দেখতে শিক্ষাবিদ নরেন্দ্র যাদবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হচ্ছে। তিন মাসের মধ্যে এই কমিটি রিপোর্ট দেবে। সেই রিপোর্টের উপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।
জাতীয় শিক্ষানীতিতে তিনটি ভাষার মাধ্যমে শিক্ষাদানের কথা বলা হলেও স্পষ্ট করে বলা হয়েছে কোনও রাজ্যের উপরে কোনও ভাষা চাপিয়ে দেওয়া যাবে না। বিরোধীরা এর আগেই হিন্দি বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে মরাঠি সংস্কৃতির ‘অস্মিতার উপর আঘাত’ বলে সমালোচনা করেছিল। সেই বিতর্কে জল ঢেলে রবিবার ফড়নবিস স্পষ্ট জানান, ভাষা বাছাইয়ের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বিকল্পের সুযোগ থাকবে এবং তা কোনওভাবেই চাপিয়ে দেওয়া হবে না। আপাতত ১৬ এপ্রিল ও ১৭ জুনের নির্দেশিকাগুলি বাতিল বলে গণ্য হবে।
